নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে এই প্রথম যুব বিশ্বকাপের ফাইনালে খেলবে লাল-সবুজের সারথিরা। রবিবার আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ দল।
ফাইনালের প্রতিপক্ষ শক্তিধর হলেও আকবর আলী, মাহমুদুল হাসান জয়রা খেলতে চান নিজেদের স্বাভাবিক খেলা। নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলী বলে গেলেন, ফাইনাল আর দশটা ম্যাচ ভেবেই খেলবেন তারা। সেমিফাইনাল ম্যাচটাও যারা খেলেছেন একই মন্ত্রে।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২১১ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৫ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেঞ্চুরি করেন মাহমুদুল হাসান জয়।
ম্যাচ শেষে অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী বোলিং ও ব্যাটিং দুই বিভাগকেই কৃতিত্ব দিলেন। বললেন, ‘টস জেতার পর বোলাররা তাদের কাজটা দুর্দান্তভাবে করেছে। ব্যাটিংয়ে আমাদের জুটি দরকার ছিল শুরুর দিকে। ব্যাটাররা যে কাজটা দারুণভাবে করেছে।’
বাংলাদেশের এই দলটা দীর্ঘ দিন এক সঙ্গে খেলছে। তারই সুফল আসলে পাচ্ছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের সবচেয়ে বড় মঞ্চে। গেল বছর যেমন নিউজিল্যান্ড সফরও করেছিল যুবারা। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ এ জিতেছিল বাংলাদেশ।
আকবর সেই প্রসঙ্গ টেনে বললেন, ‘আমাদের তিনজন স্পিনার খুব ভালো করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমরা নিউজিল্যান্ডে আগে সফর করেছিলাম। তাই আমরা জানি ওদের দুর্বলতা কোথায়, শক্তির জায়গাই কোথায়। সেগুলো বিশ্লেষণ করেই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’
সেঞ্চুরিয়ান মাহমুদুলের প্রশংসা করতেও ভোলেননি জয়, ‘এটা অসাধারণ। যেভাবে সে ব্যাট করেছে। নেটে ও অনেক পরিশ্রম করে। তার ব্যাটিং দেখাটা ছিল দারুণ আনন্দের।’
ফাইনালের লক্ষ্য পূরণ হয়েছে। এখন স্বাভাবিকভাবেই সবার চোখ থাকবে ট্রফিতে। প্রথমবার ফাইনাল ভেলে চাপ নিতে নারাজ আকবর, ‘আমরা সাধারণ একটা ম্যাচ ভেবেই খেলতে চাই। ফাইনাল ভেবে আমরা চাপ নিতে চাই না। সাধারণ একটা ম্যাচ ভেবেই খেলব। আশা করি আমরা আমাদের সেরাটা দিতে পারব।’
প্রতিপক্ষ অনেক শক্তিধর। ম্যাচটা যে সহজ হবে না সেটি মানছেন আকবর, ‘ভারত অনেক শক্তিশালী দল। আমরা তিন বিভাগেই ভালো ক্রিকেট খেলছি। তবে ম্যাচটা অবশ্যই আমাদের জন্য কঠিন হবে।’
