বর্তমানে চীন থেকে খুব কম পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তাই করোনাভাইরাসের কারণে যদি চীন থেকে পেঁয়াজ আমদানি বন্ধও হয়ে যায় তাহলে পেঁয়াজের বাজারে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
তিনি বলেন, ‘এ মুহূর্তে দেশের বাইরে থেকে যে পেঁয়াজ আমদানি করা হচ্ছে তার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ চীন থেকে আসছে। চীনের পেঁয়াজ আমাদের দেশের মানুষ পছন্দ করে না। চীন থেকে পেঁয়াজ আমাদনি যদি বন্ধও হয়ে যায় তাহলেও পেঁয়াজের বাজারে প্রভাব পড়বে না।’
তিনি বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে বিদেশ থেকে প্রায় ২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে ঢুকছে। এর মধ্যে ৫০ শতাংশ আমদানি হচ্ছে মিয়ানমার থেকে। পাকিস্তান থেকে আসছে ২০ থেকে ৩০ শতাংশ। এছাড়া তুরস্ক থেকেও আসছে, আর চীন থেকে খুব কম পরিমাণ আসছে। সুতরাং চীন থেকে বন্ধ হয়ে গেলেও সমস্যা হবে না।’
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে যাতে কেউ কারসাজি করতে না পারে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
