নওগাঁয় সড়ক দুর্ঘটনায় হুইপ আহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৪ এএম

রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তার গানম্যান কামাল হোসেন ও গাড়িচালক মনজুর হোসেন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবু সাঈদ আল মাহমুদ স্বপন রাজশাহী থেকে জয়পুরহাটে একটি প্রাইভেটকারে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি ট্রাক প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং তার গানম্যান ও ড্রাইভার আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ট্রাকের চালক রাজু আহম্মেদকে (২৫) আটক করা হয়েছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত