হরতালে নাশকতার মামলা

ছাত্রদল সভাপতি সম্পাদকসহ ৯৯ নেতাকর্মীর জামিন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৯ এএম

গত ২ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগে নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন ছাত্রদলের ৯৯ নেতাকর্মী। তাদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমান উল্লাহসহ সংগঠনের ৯৯ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা হয়। গতকাল তারা হাইকোর্টে জামিনের আবেদন করলে শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের চার সপ্তাহের আগাম জামিন দেয়।

আইনজীবীরা জানান, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়ে পরদিন ঢাকা মহানগরীতে হরতাল পালন করে বিএনপি। ওইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কর্মসূচি পালন করেন ছাত্রদল নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় ১১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত