ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ক্রেতাদের চাপ বেড়েছে। কর্মদিবস হওয়ায় এদিন অফিস ছুটির পর অনেকেই মেলায় যান। তাদের অধিকাংশেরই আগ্রহ ছিল ছাড় দেওয়া পণ্যে।
৩৭ দিনে শেষ হওয়া এই আয়োজন শুরু হয় গত ১ জানুয়ারি। মাঝখানে ৩ দিন বিরতি থাকায় এবং ব্যবসায়ীদের অনুরোধে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সময় বাড়ানোয় এবারই দীর্ঘ সময় চলেছে এই মেলা। এর আগে গত সোমবার বাণিজ্যমন্ত্রী
টিপু মুনশি রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এই মেলার সমাপনী ঘোষণা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের ক্ষণগণনা অনুষ্ঠানের জন্য ১০ জানুয়ারি এবং ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মেলা বন্ধ রাখা হয়েছিল।
মেলায় শেষ দিনে দর্শনার্থীদের চেয়ে ক্রেতার সংখ্যাই বেশি বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ মেলায় এসেছেন।
আসবাব, জুয়েলারি, প্রসাধনীসহ বিভিন্ন স্টলে সন্ধ্যার দিকে বেশ ভিড় দেখা যায়। যেসব দোকানে মেলা উপলক্ষে মূল্যছাড় চলছে সেসব স্টলে ভিড় ছিল বেশি। আর বিক্রেতারাও খুশি ছিলেন এই শেষ সময়ের বেচা-বিক্রিতে।
আকতার ফার্নিচারের প্যাভিলিয়নের বিক্রয়কর্মী রাসেল মাতুব্বর দেশ রূপান্তরকে বলেন, মেলার শুরু দিকে তেমনটা বিক্রি ছিল না। দিন যত বেড়েছে বিক্রি বেড়েছে। শেষ দিকে ভালোই বিক্রি হয়েছে।
পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান সারার বিক্রয়কর্মী সাগর মাহমুদ বলেন, মেলার সময় বাড়ানোয় গত কয়েক দিন সন্ধ্যার পর ক্রেতার সংখ্যা বেড়েছে। মেলায় আমাদের সব রকম পোশাক ভালোই বিক্রি হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য সোহরাব হোসেন বলেন, শেষ দিনে আমাদের কাজের চাপ বেশি। গতকাল রাতে অন্য জায়গায় ডিউটি করেছি। আজ বাণিজ্যমেলায় আছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ইপিবির ভাইস চেয়ারম্যান (ভিসি) ফাতিমা ইয়াসমিন বলেন, আজই (গতকাল) শেষ হচ্ছে এই মেলার ২৫তম আসর। মেলার ইজারাদার মীর ব্রাদার্সের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, রাত ৯টা পর্যন্ত টিকিট বিক্রি করেছি। আর মেলায় আগতরা তাদের সুবিধাজনক সময়ে মেলা থেকে বের হয়েছেন। ইপিবি সূত্রে জানা যায়, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ২০টি দেশের ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।
