সকালের সেশনের জোড়া ধাক্কা সামাল দিয়ে উইকেট ধরে রাখার চেষ্টায় ছিলেন মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। মুমিনুল ফিরে গিয়ে মিডলঅর্ডারকে অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে ফেলেছেন।
রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়ে প্রথম স্পেলে ২ উইকেট তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। সাইফ রানের খাতা খুলতে পারেননি। শাহিন আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ধরা পড়েন। তামিম করতে পারেন ৩। তাকে পথ ধরান মোহাম্মদ আব্বাস। পরে মুমিনুলকেও ফিরিয়েছেন ওই আফ্রিদি। ৫৯ বলে পাঁচ চারে ৩০ রান করেন তিনি।
এদিন একাদশে জায়গা হয়নি সৌম্য সরকার, আল আমিন হোসেন এবং নাঈম হাসানের। আগে থেকেই নেই দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নেই দেশের ক্রিকেটের সেরা তারকা সাকিব আল হাসান। সাদা পোশাকে সময়টাও খুব খারাপ যাচ্ছে ইদানীং। এক বছরের মধ্যে দেশের মাটিতেই হারতে হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে। গত নভেম্বরে ভারত সফরটা তো রীতিমতো ভরাডুবির।
সব মিলিয়ে ১৬ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশকে টেস্ট খেলতে নেমেছে মানসিকভাবে পিছিয়ে থেকে।
পাকিস্তানের বিপক্ষে টাইগাররা এখনো টেস্ট জেতেনি। সর্বোচ্চ সাফল্য ২০১৫ সালে খুলনায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট ড্র করা।
বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।
পাকিস্তান: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।
