লাবুশেনে নিজেকে দেখেন শচিন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ এএম

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশেন গত বছর টেস্টে ছিলেন দারুণ সফল। বিশেষ করে গেল অ্যাশেজ থেকে শুরু করে দারুণ ফর্মে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এবার সম্ভবত নিজের জীবনের সেরা প্রশংসাটিও পেয়ে গেলেন তিনি। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার বলেছেন, লাবুশেনের মাঝে নিজের ছায়া দেখতে পান তিনি।

অনেকেই বিরাট কোহলির মাঝে শচিনের ছায়া দেখতে পান। শচিনের সেঞ্চুরির সেঞ্চুরি ভাঙা কিংবা রান টপকানোর মতো বিষয়গুলোতে সবার আগে আসে কোহলির নামই। সিডনিতে শচিন জানালেন তার ভালো লাগে লাবুশেনের ফুটওয়ার্ক।

টেস্টে গত বছরটি স্বপ্নের মতো কাটিয়েছেন লাবুশেন। পাওয়া সুযোগ কীভাবে কাজে লাগাতে হয় তা ভালোভাবেই জানেন এই ২৫ বছরের অজি ক্রিকেটার। গেল আগস্টে অ্যাশেজে স্টিভেন স্মিথের কনকাশন বদলি হিসেবে নেমেছিলেন মাঠে। সে সময় মাঠে উপস্থিত ছিলেন শচিন। সেই থেকে শুরু করে আর পেছনে তাকাতে হয়নি লাবুশেনকে। বছরে রান করেছেন ১১০৪। অ্যাশেজে টানা চার হাফসেঞ্চুরিতে করেছিলেন ৩৫৩ রান। গড় ৫০.৪২। এরপর তার ব্যাট চলেছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও। গেল নভেম্বর থেকে ৮৯৬ রান করেছেন। তাতে ৫ টেস্টের নিল হার্ভের ৮৩৪ রানের রেকর্ড ভেঙেছেন অস্ট্রেলিয়ান হিসেবে।

বর্তমান সময়ের কোনো খেলোয়াড়কে দেখে নিজের কথা মনে হয় কি না এমন প্রশ্নের উত্তরে লাবুশেনের নাম নেন শচিন। ‘তার ফুটওয়ার্ক চমৎকার। আমি বলব সে-ই (লাবুশেন)। জোফরা আর্চারের দ্বিতীয় বলটি তার হেলমেটে লেগেছিল। এরপর ১৫ মিনিট তার ব্যাটিং দেখে আমি বলেছিলাম এই খেলোয়াড় স্পেশাল। তার মাঝে প্রতিভা আছে।’

ক্রিকেটে ফুটওয়ার্ক ভালো না হলে যেকোনো ব্যাটসম্যানকে আউট করা সহজ হয়। ভালো ক্রিকেটার হতে হলে ভালো ফুটওয়ার্ক অবশ্যই প্রয়োজন। শচিনের মতে, ‘ফুটওয়ার্ক শারীরিক ব্যাপার নয়, এটি মানসিক ব্যাপার। যদি মাথায় (ব্রেনে) এটি নিয়ে পজিটিভ না ভাবেন, তাহলে আপনার পা নিজ থেকেই (জায়গা থেকে) নড়বে না। এ থেকেই আমি বুঝতে পেরেছিলাম তার (লাবুশেন) মানসিকভাবে শক্তি অনেক। যদি তা না হতো, তার পা এত চমৎকারভাবে নড়ত না।’

টেস্ট শচিনের রান (১৫৯২১) এখনো পর্যন্ত ইতিহাসে সর্বোচ্চ। সেঞ্চুরি ৫১টি। বর্তমানে তিনি সিডনিতে আছেন। সেখানে অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘বুশ ফায়ার ক্রিকেট ম্যাচ’ হবে পন্টিং একাদশ বনাম

গিলক্রিস্ট একাদশের মধ্যে। পন্টিং একাদশের কোচ হিসেবে আছেন শচিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত