মেলায় জনস্রোত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪০ এএম

শুক্রবার বিকেল সাড়ে ৪টা। বাংলামোটর থেকে শাহবাগ পেরিয়ে বইমেলার প্রবেশদ্বার পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি। এর মধ্যে শাহবাগ থেকে টিএসসির সরু রাস্তার পাশে ফুটপাত দখল করে বসেছে কিছু ভ্রাম্যমাণ হকার। টিএসসির সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ পথের পাশেই ফুটপাতে শোনা যাচ্ছে হকারের চিৎকার ‘৩০০ টাকার বই ১০০ টাকা। যেটাই নেন ১০০ টাকা।’ কলকাতার সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দুর উপন্যাসও পাওয়া যাচ্ছে এখানে। পথের যানজটের ভোগান্তি পেরিয়ে বইমেলায় প্রবেশ করে যেন কিছুটা স্বস্তি। বিশাল এলাকাজুড়ে ঘুরে বেড়ানো, বই কেনা। অমর একুশে গ্রন্থমেলায় এমন চিত্র ছিল গতকাল শুক্রবার। প্রথম ছুটির দিনকে ঘিরে লেখক-প্রকাশক ও বইপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল বইমেলা। শত শত বইপ্রেমীর সমাগমে মুখর এই মেলায় গতকাল বিকেলে আসেন ড. জাফর ইকবাল, আনিসুল হক, ইমদাদুল হক মিলনের মতো জনপ্রিয় লেখকরাও। প্রিয় লেখককে কাছে পেয়ে ঘিরে ধরেন বইপ্রেমীরা। জাফর ইকবাল বলেন, ‘বইমেলায় সবাই যদি সেলফি না তুলে একটা করে বই কিনত তবে বেশি ভালো লাগত।’ এবারের মেলা অনেক গোছানো উল্লেখ করে এই জনপ্রিয় সাহিত্যিক আরও বলেন, ‘এবারের মেলায় স্টল বিন্যাস ভালো হয়েছে। অনেক জায়গা নিয়ে মেলা অনুষ্ঠিত হওয়ায় সবাই আনন্দে ঘুরতে পারছে।’

নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার মেলায় নতুন বই এসেছে ৩০৮টি। এর মধ্যে প্রথমা এনেছে আনিসুল হকের উপন্যাস ‘এখানে থেমো না’,

অনন্য এনেছে মোস্তফা কামালের ‘স্বপ্নবাজ’, জার্নিম্যান বুকস এনেছে মনিকা ছাকের গল্পগ্রন্থ ‘অ্যাসিড ছোড়ার আগের ও পরের গল্প’ এবং তোফায়েল আহমেদের ‘রক্তঝরা মার্চ ১৯৭১ : অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা’, পাঞ্জেরী এনেছে সৈয়দ মনজুরুল ইসলামের ‘উপন্যাস ত্রয়ী’, অন্যপ্রকাশ এনেছে নওশাদ জামিলের কবিতার বই ‘প্রার্থনার মতো একা’।

আজ শনিবারের আয়োজন : আজ শনিবার বইমেলার সপ্তম দিন। মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর। এছাড়া সকাল ১০টায় মেলার অংশ হিসেবে শিশু-কিশোর আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে এম আবদুল আলীম রচিত ‘বঙ্গবন্ধু ও ভাষা-আন্দোলন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন অপরেশ বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশগ্রহণ করবেন প্রতিভা মুৎসুদ্দি ও আরমা দত্ত। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠের কবিতাপাঠ, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত