কক্সবাজারে বাস উল্টে নিহত ৪

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৬ এএম

কক্সবাজারের চকরিয়ায় বাস উল্টে ৪ জন নিহত ও অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্টারলাইন পরিবহনের বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল।

চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন, রাতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ ও এক নারী যাত্রী মারা যান। আহত হন আরও ১৪ যাত্রী। চকরিয়া থানা, চিরিঙ্গা হাইওয়ে ও হারবাং ফাঁড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। এ সময় বাসের ভেতর থেকে চারজনের মৃতদেহ উদ্ধার হয়। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি হাবিবুর রহমান আরও বলেন, ওই বাসে ৪০ জনের বেশি পর্যটক-যাত্রী থাকলেও অন্যরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটি ক্রেন দিয়ে সরিয়ে নেওয়ার পর রাত ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন ছাড়া অন্যদের আঘাত সামান্য।

চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, দুই নারীসহ আহত অন্তত ১৪ জনকে চিকিৎসা

দেওয়া হয়েছে। তারা হলেনÑ দেলোয়ার হোসেন (৩০), মোহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মোহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাঙ্গীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত