প্রধানমন্ত্রী ইতালিতে চার দিনের সরকারি সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমান গতকাল শুক্রবার ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বিমানটির আজ সকাল ৮টায় দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী মিলান পৌঁছান। এর আগে ইতালির প্রধানমন্ত্রী জিউসিপে কোঁতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে ৪ ফেব্রুয়ারি রোম পৌঁছান।
ইতালি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিউসিপে কোঁতের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে দ্বিপক্ষীয়
বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে অংশ নেন। এর আগে তিনি রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। অপরাহ্ণে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল তার অবস্থানকালীন হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রী পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিকান সিটিতে সাক্ষাৎ করেন। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী লীগের ইতালি শাখার উদ্যোগে পার্কো দ্য প্রিনসিপি গ্রান্ড হোটেল অ্যান্ড স্পাতে আয়োজিত এক সংবর্ধনায়ও তিনি অংশগ্রহণ করেন। বাসস
