মেঘ-বৃষ্টিতে কমতে পারে শীত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫০ এএম

চলছে মাঘের শেষ সপ্তাহ। যাই যাই করছে শীত। শেষ মুহূর্তে শুরু হওয়া মৌসুমের সবচেয়ে বিস্তৃত শৈত্যপ্রবাহ অনেকটা কমে গেলেও একেবারে কেটে যায়নি। তবে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল শুক্রবার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় তাপমাত্রা আরও বাড়তে পারে আজ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির

সম্ভাবনা রয়েছে। ফলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। তবে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার (আজ) দেশের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন রবিবারও আকাশ মেঘলা থাকতে পারে। এই দুই দিন রাতের তাপমাত্রা বাড়বে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমবে।’

চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া এবারের শীত মৌসুমের সবচেয়ে বিস্তৃত শৈত্যপ্রবাহ এখনো কিছু এলাকায় অব্যাহত আছে। গত সোমবার সর্বোচ্চ ৪৬ জেলায় বিস্তৃতি লাভ করলেও গতকাল পর্যন্ত তা অনেকটা কমে গিয়ে উত্তরাঞ্চলের প্রায় ১০ জেলায় অব্যাহত ছিল। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘রাতের তাপমাত্রা বেড়ে গিয়ে শনিবার (আজ) চলমান শৈত্যপ্রবাহ পুরোপুরি কেটে যেতে পারে। তবে ১২-১৩ তারিখের দিকে আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তখন কিছু এলাকায় ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওটাই হতে পারে এবারের মৌসুমের সর্বশেষ শৈত্যপ্রবাহ।’

গতকাল দেশের অধিকাংশ জায়গায় রাতের তাপমাত্রা বাড়ায় কমেছে শীত। তবে অনেক জায়গায় দিনের আংশিক বা পুরো সময় সূর্যের দেখা না মেলায় কমেছে দিনের তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন ও কুয়াশায় আবৃত। তাই আগের দিনের চেয়ে কমেছে দিনের তাপমাত্রা। তবে বেড়েছে রাতের তাপমাত্রা। কমেছে শীত। গতকাল রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগসহ পাবনা ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে প্রবাহমান মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ কেটে যেতে (প্রশমিত) পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত