ভার্সেটাইল অভিনেতা ফজলুর রহমান বাবু। নাটকের চেয়ে সিনেমায় তার অভিনীত চরিত্রগুলো সত্যিই আলাদা এক ভাষা দিয়েছে। সম্প্রতি কাজ করেছেন ভালোবাসা দিবসের একটি শর্টফিল্মে। বঙ্গবন্ধুর বায়োপিকেও কাজ করবেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
সিনেমায় বেশি ব্যস্ততা...
এখন আমাদের দেশে নানা ধরনের সিনেমা হচ্ছে। ফলে অভিনেতারা নানা ধরনের চরিত্র করার সুযোগ পাচ্ছেন। তাই এখন সিনেমা নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। নাটকের গল্প-চরিত্র গতানুগতিক হয়ে গেছে। খ- নাটক খুব একটা করা হচ্ছে না। কিছু ধারাবাহিক নাটকে আগেই যুক্ত হয়েছিলাম। সেগুলোর কাজ করতে হচ্ছে। নতুন ধারাবাহিকের প্রস্তাব প্রায়ই আসছে। কিন্তু করতে পারছি না।
বঙ্গবন্ধুর বায়োপিকে...
মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি ‘বঙ্গবন্ধু’। নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এ সিনেমায় কাজের জন্য সম্প্রতি দেশের অনেক তারকা অভিনয়শিল্পী অডিশন দিয়েছেন। আমি গত ৯ জানুয়ারি অডিশন দিয়েছি। আমাকে দুটি চরিত্রের জন্য বলা হয়েছিল। বেশি সম্ভাবনা ছিল খন্দকার মোস্তাকের চরিত্রটি। আমি যেদিন অডিশন দিয়েছি সেদিন পরিচালক শ্যাম বেনেগাল ছিলেন না। তবে তার সহকারী পরিচালকের পাশাপাশি সরকারি সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশেষে আমাকে নির্বাচন করা হয়েছে। আমার পোশাকের মাপজোখও নেয়া হয়েছে। তবে কোন চরিত্রের জন্য এটা আপাতত আমাদের গোপন রাখতে বলা হয়েছে। হয়তো অফিশিয়ালি তারা ঘোষণা করবেন।
খন্দকার মোশতাক চরিত্রে...
খন্দকার মোশতাক চরিত্রটির জন্য মানুষের ঘৃণা আছে। চরিত্রটিই এরকম। আমি যদি এ চরিত্রটি করি, এটা হবে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। যেহেতু এ চরিত্রটি প্রথম থেকেই দর্শকের কাছে ঘৃণার পাত্র, তাই এটিকে বিল্ডআপ করা কঠিন। কারণ এ চরিত্রের পরিণতি আমরা সবাই জানি। আর যেই চরিত্রের পরিণতি সবাই আগে থেকেই জানে, সেটি নিঃসন্দেহে অনেক চ্যালেঞ্জিং। আমি নিজেও এ চরিত্রটিকে ঘৃণা করি। কিন্তু যেহেতু আমি একজন অভিনেতা, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। অভিনয়ের সময় এ চরিত্রের মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করব।
হাতে থাকা নতুন সিনেমা...
সম্প্রতি ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ নামের একটি সিনেমায় কাজ করেছি। নাম শুনে অনেকে ভাবতে পারেন এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প। কিন্তু বিষয়টি তা নয়। এ সিনেমায় আমি একটি থিয়েটার দলের প্রধান। আমি চাই থিয়েটারের একটি নাটকের মধ্যে বঙ্গবন্ধুর আত্মদানের কথা তুলে ধরতে। কিন্তু একটা সময় তো তা আমাদের দেশে একেবারেই সম্ভব ছিল না। এছাড়া অভিনেতা মীর সাব্বিরের প্রথম চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’, ব্যবসাসফল চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর সিক্যুয়েল ‘মিশন এক্সট্রিম’, মুক্তিযুদ্ধের সিনেমা ‘অর্জন একাত্তর’, রেজওয়ান সুমিতের ‘নোনা জলের কাব্য’, গিয়াসউদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ এবং চয়নিকা চৌধুরীর ‘বিশ^সুন্দরী’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
