অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সারা বিশ্বে মুজিববর্ষ পালিত হবে। আর মুজিববর্ষ উপলক্ষে যুবকদের দক্ষতা উন্নয়নে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল রাজধানীর একটি হোটেলে দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বক্তব্য দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
অর্থমন্ত্রী বলেন, দক্ষতা বাড়াতে অনেক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেগুলোর বেশির ভাগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। শতভাগ মানুষকে যথোপযুক্ত দক্ষতার আওতায় আনতে হবে।
মনমোহন প্রকাশ বলেন, উন্নয়ন টেকসই করতে বাংলাদেশকে ডাবল ডিজিট প্রবৃদ্ধি অর্জন করতে হবে। স্বল্প মজুরি আর কম দক্ষতাপূর্ণ কর্মসংস্থান বাজার দিয়ে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। দীর্ঘ মেয়াদে উন্নয়ন ধরে রাখতে হলে বাংলাদেশকে শিক্ষা খাতে, বিশেষ করে কারিগরি শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে হবে। দক্ষ শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, বাংলাদেশের ৩৫ শতাংশ যুবক ১৫ বছরের ঊর্ধ্বে তাদের দক্ষতা বাড়াতে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, সাড়ে ১৬ কোটি জনসংখ্যার এ দেশে যুবকদের সংখ্যা বিপুল হলেও আন্তর্জাতিক মানদ- অনুযায়ী দক্ষতা অর্জনে তারা এখনো পিছিয়ে। সরকারি-বেসরকারি সব খাতের সক্রিয় অংশ গ্রহণে এজাতীয় দক্ষতা প্রতিযোগিতার শুরু বলে জানান তারা।
