টেস্ট থেকে অবসর নেওয়া ডেল স্টেইন ইনজুরিতে ১১ মাস বাইরে থাকার পর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ফিরলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন ৩৬ বছরের ফাস্ট বোলার।
সবশেষ ২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন স্টেইন। বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন। শনিবার ফাইনাল না খেললেও চার ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
প্রোটিয়া দলে নতুন ডাক পেয়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান পিট ভ্যান বিলিয়োন এবং ২৯ বছরের পেস বোলার সিসানদা মাগালা।
টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক। কিছুদিন আগেই যিনি ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন পাকাপাকি ভাবে। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি ও কাগিসো রাবাদাকে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল:
কুইন্টন ডি কক (অধিনায়ক), রেজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, পিট ফন বিলিয়োন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকওয়ায়ো, জন-জন স্মুটস, বিউরান হেনড্রিকস, তাবরেইজ শামসি, লুঙ্গি এনগিদি, সিসান্ডা মাগালা, বিয়ন ফোরটুইন, ডেল স্টেইন, হেনরিখ ক্লাসেন।
