সরকার কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলেও প্রকৃত কৃষকরা তা পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, সরকারি ভর্তুকি পেতে চাইলে রাজনৈতিক নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হয় কৃষক সমাজ। তাই অধিকার আদায়ের প্রশ্নে কৃষকদের ঐক্যের কোনো বিকল্প নেই।
গতকাল শনিবার রাজধানীর হোটেল সেভেন্টি ওয়ান মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী ও নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশপ্রেমিক কৃষকরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চিত। মৌসুমে কৃষি শ্রমিকদের মজুরির চেয়ে ধানের দাম কমে যায়। তখন কৃষকরা ধান কাটতে বিপাকে পড়েন।
কৃষকদের উন্নয়নে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের নানা অবদানের কথা তুলে ধরে জি এম কাদের বলেন, পল্লীবন্ধু
কৃষিঋণ মওকুফ, পল্লী রেশনিং, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা, পল্লী বিদ্যুতায়নের ব্যবস্থা এবং পল্লী অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে কৃষকদের ভাগ্য পরিবর্তনে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ ছাড়া কৃষকদের আর্থসামাজিক উন্নয়নে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করেছেন। কৃষকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা পর্যায়ে হাসপাতাল নির্মাণ করেছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান কৃষকদের সংগঠিত করে তাদের স্বার্থ রক্ষায় কাজ করতে পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন।
