সাংবাদিক সুমন হত্যাচেষ্টায় গ্রেপ্তার ৪

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৪ এএম

ঢাকার সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় আগামীনিউজের সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো মো. জহিরুল ইসলাম ওরফে অপু (২৬), মো. রাসেল হাওলাদার (৩৫), মো. মাসুদ (১৮) ও মো. আলাউদ্দিন (২১)। এদের মধ্যে অপু মিয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি। গত ১ ফেব্রুয়ারির ওই ঘটনায় করা মামলায় খোকনও আসামি।

র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফীন বলেন, র‌্যাব ডিজি আহত সাংবাদিককে দেখতে গিয়ে বলেছিলেন অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে। পরে এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে গত শুক্রবার রাতভর রাজধানী মোহাম্মদপুর থানাধীন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। হামলার সময়কার সিসিটিভি ফুটেজে উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকনের ভগ্নিপতি অপু মিয়ার উপস্থিতি পরিষ্কার উঠে এসেছে। গ্রেপ্তাররা সবাই প্রাথমিকভাবে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম ও পরিচয় জানিয়েছে তারা। তদন্তের স্বার্থে নামগুলো বলা সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের রায়েরবাজার জাফরাবাদ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সশস্ত্র বাহিনীর মহড়ার ছবি তোলার সময় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত