রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ বোলারদের ব্যর্থ করতে পারেনি পাকিস্তান। ১০৩ রান করতেই হারাতে হয়েছে বাকি সাত উইকেট। সাড়ে চারশোর আগেই স্বাগতিকদের গুঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে মুমিনুল হকের দল।
সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের রান ৪৪৫। ২১২ রানের লিড পেয়েছে দলটি। শুক্রবার টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে ২৩৩ রানে গুঁড়িয়ে গিয়েছিল বাংলাদেশ।
তিন উইকেটে ৩৪২ রানে রোববারের খেলা শেষ করেছিল পাকিস্তান। তাতে মনে হচ্ছিল, সাড়ে চারশো, সাড়ে চারশো তো বটেই দলটির সংগ্রহ পাঁচশো ছাড়াতে পারে।
রোববার দিনের শুরুতেই বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছে বাংলাদেশ। প্রথম বলেই ১৪৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাবর আজমকে উইকেট ছাড়া করেন আবু জায়েদ চৌধুরী রাহী। এরপর তেমন দাঁড়াতে পারেনি পাকিস্তান।
অসাধারণ বোলিং করেছেন রুবেল হোসেন। ১১৩ রানে নিয়েছেন তিন উইকেট। সফল ছিলেন এবাদত হোসেন ও তাইজুল ইসলামও।
বাংলাদেশের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন রাহী, রুবেল। দুটি উইকেট নিয়েছেন তাইজুল। এক উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
রুবেলের তৃতীয় শিকার শাহীন শাহ
রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন বোলিংয়ে ছন্দ খুঁজে পেয়েছেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। লাঞ্চ বিরতি থেকে ফিরেই উইকেট ছাড়া করেছেন নয় নম্বরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের শাহ আফ্রিদিকে।
তাতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৪২২। এর আগে রুবেলের বলে উইকেট ছাড়া হন মোহাম্মদ রিজওয়ান ও ইয়াসির শাহ।
বাংলাদেশের ভাল এক সেশন
তৃতীয় দিন বোলিং দারুণ করছে বাংলাদেশ। ২৪.১ ওভারের প্রথম সেশনে ৭৮ রানে তুলে নিয়েছে চার উইকেট। লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের স্কোর ১১২ ওভারে ৭ উইকেটে ৪২০। বাংলাদেশের চেয়ে ১৮৭ রানে এগিয়ে স্বাগতিকরা। হারিস সোহেল ৫৪ ও শাহিন শাহ আফ্রিদি ৩ রানে ব্যাট করছেন।
এই সেশনে সবচেয়ে সফল রুবেল হোসেন। দুটি উইকেট নিয়েছেন তিনি। একটি উইকেট নিয়েছেন আগের দিন দুই উইকেট নেওয়া আবু জায়েদ চৌধুরী রাহী। অপর উইকেটটি এবাদত হোসেনের।
রুবেলের প্রথম বলেই আউট রিজওয়ান
আগের দিনের খেলায় ব্যর্থ হওয়া রুবেল হোসেন রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন বোলিংয়ে এসেই সাফল্যের দেখা পেলেন। প্রথম বলেই উইকেট ছাড়া করেছেন মোহাম্মদ রিজওয়ানকে (১০)।
রুবেলের করা বলটি পুল করতে গিয়ে ফাইন লেগে মাহমুদউল্লাহ রিয়াদের ধরা পড়েন রিজওয়ান। তার বিদায়ে পাকিস্তানের রান দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৪। উইকেটে এসেছেন ইয়াসির শাহ। হারিস সোহেলের সঙ্গে জুটি গড়েছেন তিনি।
দিনের শুরুতে প্রথম বলেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন আবু জায়েদ চৌধুরী রাহী। ১৪৩ রান করা বাবর আজমকে উইকেট ছাড়া করেন তিনি। এরপর এবাদত হোসেনের বলে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। এবার আউট হন ৬৫ রান করা আসাদ শফিক।
আসাদ শফিককে ফেরালেন এবাদত
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানকে কিছুটা হলেও চাপে ফেলেছে বাংলাদেশ। এগারো রানের মধ্যে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়েছে স্বাগতিক দল। উইকেটের দেখা পেয়েছেন এবাদত হোসেন। ডানহাতি এই পেসারকে খেলতে গিয়ে আউট কট বিহাইন্ড হয়েছেন ১২৯ বলে নয় চারে ৬৫ রান করা আসাদ শফিক।
আসাদের বিদায়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৫৩। ব্যাটিংয়ে এসেছেন মোহাম্মদ রিজওয়ান। হারিস সোহেলের সঙ্গে জুটি গড়বেন তিনি।
এর আগে দিনের প্রথম বলেই তৃতীয় শিকার তুলে নেন আবু জায়েদ চৌধুরী রাহী। তাকে খেলতে গিয়ে স্লিপে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দেন ১৪৩ রান করা বাবর আজম।
দিনের প্রথম বলেই বাবরকে ফেরালেন রাহী
রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনের শুরুতেও বাংলাদেশ দলকে দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। দিনের প্রথম বলেই আগের দিন ১৪৩ রানে অপরাজিত থাকা পাকিস্তানের বাবার আজমকে উইকেট ছাড়া করলেন এই পেসার।
রাহীকে খেলতে গিয়ে প্রথম স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়লেন ১৯৩ বলে ঊনিশ চার ও এক ছক্কায় ১৪৩ রান করা বাবর। চলতি টেস্টে এটা রাহীর তৃতীয় শিকার। দ্বিতীয় দিন শনিবার শুরুতেই আবিদ আলিকে শূন্য রানে আউট করার পর উইকেট ছাড়া করেছিলেন তিন নম্বরে নামা অধিনায়ক আজহার আলিকে (৩৪)।
বাবরের বিদায়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৪২। ব্যাটিংয়ে এসেছেন হারিস সোহেল। আসাদ শফিকের সঙ্গে জুটি গড়বেন তিনি।
শুরু রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন
সময়মতোই শুরু হয়েছে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১০৯ রানের লিড নিয়েছে পাকিস্তান।
দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪২। ব্যক্তিগত ১৪৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন বাবর আজম। ৬০ নিয়ে নামবেন আসাদ শফিক।
পাকিস্তানের সংগ্রহ রানের পাহাড় গড়া। আর বাংলাদেশের লক্ষ্য যত দ্রুত সম্ভব প্রতিপক্ষের বাকি সাতটি উইকেট তুলে নেওয়া।
হতাশায় ভরা দ্বিতীয় দিন
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনটা চূড়ান্ত হতাশায় কাটে বাংলাদেশের। শান মাসুদ ও বাবর আজম সেঞ্চুরিতে শনিবার দিন শেষে প্রথম ইনিংসে ১০৯ রানের লিড নিয়েছে স্বাগতিক পাকিস্তান।
টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে বাবর আজম ১৪৩ রান নিয়ে অপরাজিত আছেন। আসাদ শফিক ব্যাট করছেন ৬০ রানে। পাকিস্তান যে বাংলাদেশকে রান চাপায় ফেলতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই।
এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিন ২৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
