ইতিহাস গড়তে বাংলাদেশকেই বেছে নিলেন নাসিম শাহ। ছিনিয়ে নিলেন আবার এক বাংলাদেশিরই রেকর্ড।
পাকিস্তানি ফাস্ট বোলার রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের গৌরব এখন এই ১৬ বছর বয়সীর।
এদিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের শেষ তিন বলে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে তুলে নেন নাসিম। তাতেই লেখা হয় ইতিহাস।
নাসিম ভেঙেছেন অলক কাপালির রেকর্ড। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষেই পেশোয়ারে ১৯ বছর বয়সে হ্যাটট্রিকের কীর্তি গড়েছিলেন অলক কাপালি। এত দিন যেটিই ছিল সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিকের কীর্তি।
গেল বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের পর থেকেই আলোচনায় আসেন নাসিম। শুরুতে দুর্দান্ত পেস দিয়ে ঝড় তোলেন। এরপর অবশ্য তার বয়স নিয়ে বিতর্ক নিয়ে হয়েছে খুব।
এদিন হ্যাটট্রিকের আগে শুরুতে সাইফ হাসানের উইকেটও নেন। এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার তিনি।
সব মিলে নাসিম চতুর্থ পাকিস্তানি বোলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়লেন। এর আগে ওয়াসিম আকরাম (দুইবার), আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ সামি দেশটির পক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
