মুজিববর্ষের প্রাক্কালে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন আগামী দিনগুলোতে আমাদের যুব টাইগাররা দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে।
প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, এই খেলোয়াড়ি মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা দেশ রূপান্তরকে এ কথা নিশ্চিত করেছেন।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী ও আইসিসির সাবেক প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামালও।
