অমর একুশে গ্রন্থমেলায় সব স্টলে অগ্নিনির্বাপণযন্ত্র থাকা বাধ্যতামূলক হলেও তা মানছেন না অধিকাংশ প্রকাশক। মেলার নীতিমালায় ১৪.২-এর চ ধারায় বলা হয়েছে, ‘স্টলে অবশ্যই অগ্নিনির্বাপণযন্ত্র রাখতে হবে।’ তথ্যকেন্দ্র থেকে প্রতিদিনই স্টল মালিকদের এ নির্দেশনার কথা জানানো হলেও পাত্তা দিচ্ছেন না প্রকাশকরা। অথচ ফায়ার সার্ভিসকর্মীরা বলছেন, ছোট্ট একটা আগুন লাগার ঘটনায় তছনছ হয়ে যেতে পারে পুরো মেলা।
শিশু চত্বর, লিটলম্যাগ চত্বরসহ মেলা প্রাঙ্গণে গতকাল রবিবার ঘুরে দেখা যায়, হাতে গোনা দু-একটা ছাড়া বেশির ভাগ স্টলেই নেই অগ্নিনির্বাপণের প্রস্তুতি। এ বিষয়টি পাত্তাই দিচ্ছেন না অধিকাংশ প্রকাশক। অনন্যার প্রকাশক মনিরুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘সবারই এ বিষয়ে সতর্ক হওয়া জরুরি। আমাদের প্যাভিলিয়নে দুটি যন্ত্র রেখেছি। আমি বলব, দুই-এক হাজার টাকা খরচ করে সবারই এটা কেনা উচিত। দুর্ঘটনা তো হঠাৎ করেই ঘটে যায়। এটা থাকলে প্রাথমিক চেষ্টাটা তো করা যাবে।’
মেলায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন কর্মকর্তা শহিদুল দেশ রূপান্তরকে বলেন, ‘এবার মেলা শুরুর দিনই একটি স্টলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বড় দুর্ঘটনার আগেই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরে আমরা বইমেলা আয়োজকদের লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। তাদের পক্ষ থেকেও স্টল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কেউ সতর্ক হচ্ছে না। বড় রকম দুর্ঘটনার আগে সবারই প্রস্তুতি নেওয়া উচিত।’
বইমেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন স্টেশন কর্মকর্তা আমিরুল। তিনি বলেন, ‘মানুষকে সতর্ক করার জন্য আমরা বিভিন্ন প্রকাশনা রেখেছি। যেখানে শিশু থেকে সব বয়সীরা খুব সহজেই আগুন নিয়ন্ত্রণের করণীয় বিষয়গুলো জানতে পারবে। পাশাপাশি একটি গেমস আছে, যেটা দেখে শিশুরা আগুনের নিয়ন্ত্রণের ব্যবহারিক জ্ঞান নিতে পারবে।’
বাংলা একাডেমি প্রাঙ্গণের ৬৭ নম্বর স্টলটি অগ্নিনির্বাপণযন্ত্র বিক্রির জন্য ‘লুমিনাস অ্যাসোসিয়েটস’ নামে একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে মেলা আয়োজক কর্র্তৃপক্ষ। গতকাল বিকেলে সেখান থেকে অগ্নিনির্বাপণযন্ত্র কিনেছেন বিডিনিউজের প্রকাশনা সংস্থা বিপিএল ও জিনিয়াস পাবলিকেশন্সের প্রতিনিধিরা। বিপিএলের বিক্রয় ব্যবস্থাপক সুজন মাহবুব দেশ রূপান্তরকে বলেন, ‘নিজেদের সতর্কতার জন্যই স্টলে অগ্নিনির্বাপণযন্ত্র রাখা জরুরি।’ লুমিনাস অ্যাসোসিয়েটসের বিক্রয় ব্যবস্থাপক মফিদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে দুজন কর্মী বিক্রয় তত্ত্বাবধান করছি। এর মধ্যে আমার হাত দিয়ে মাত্র তিনটি অগ্নিনির্বাপণযন্ত্র বিক্রি হয়েছে। এখানে মালয়েশিয়ান ও চীনের তৈরি ভালো মানের অগ্নিনির্বাপণযন্ত্র বিক্রি করছি। যার প্রতিটির দাম ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। একটা যন্ত্র স্টলে থাকলে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। লাখ টাকার স্টল সাজিয়েছেন প্রকাশকরা। কিন্তু হাজার টাকার একটা যন্ত্র তারা কিনছেন না। এ বিষয়ে সচেতনতা জরুরি।’
মূল মঞ্চ : গতকাল বিকেল ৪টায় মেলার মূল মঞ্চে হয় মিল্টন বিশ্বাস রচিত ‘উপন্যাসে বঙ্গবন্ধু’ শীর্ষক বই নিয়ে আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রশান্ত মৃধা। আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন পাপড়ি রহমান ও মোজাফ্ফর হোসেন। লেখক মিল্টন বিশ্বাসও বক্তব্য দেন। সন্ধ্যায় ছিল কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা পাঠ করেন হালিম আজাদ, শাকিরা পারভীন, বায়তুল্লাহ কাদেরী ও নাজমুল হুসাইন বিদ্যুৎ। আবৃত্তি পরিবেশন করেন রফিকুল ইসলাম, ডালিয়া আহমেদ, শুচিতা সপর্যা। সংগীত পরিবেশন করেন ফকির আজমল শাহ, মো. আনোয়ার হোসেন, কাঙালিনী সুফিয়া, আমজাদ দেওয়ান, মমতা দাসী বাউল ও প্রশান্ত সরকার। যন্ত্রানুষঙ্গে ছিলেন গৌতম মজুমদার (তবলা), মো. হোসেন আলী (বাঁশি), নওফেল বাদশা (দোতারা), শিবনাথ শিবু (বাংলা ঢোল), বাউল মিলন (মন্দিরা)।
এ ছাড়া গতকাল ‘লেখক বলছি’ অনুষ্ঠানে নিজের নতুন বই নিয়ে আলোচনা করেন পারভেজ হোসেন, ওবায়েদ আকাশ, মোস্তফা হোসেইন ও খায়রুল বাবুই।
নতুন বই : বাংলা একাডেমি জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, গতকাল নতুন বই এসেছে ১১৬টি। এর মধ্যে আগামী প্রকাশনী এনেছে আবদুল গাফ্ফার চৌধুরীর ‘বঙ্গবন্ধু মধ্যরাতের সূর্যতাপস’, জ্ঞানকোষ এনেছে জাফর ইকবালের ‘আমার সায়েন্টিস মামা’ ও আহসান হাবীবের ‘সুরম্য-কুরম্য’, নৈঋতা ক্যাফে এনেছে দেবজ্যোতি ভক্তের ‘পাশের বাসার ভাবী’, নাগরী এনেছে আন্দালীব রাশদীর উপন্যাস ‘বুলেট বুকে গোলাপপাখি’ ও প্রশান্ত মৃধার উপন্যাস ‘গোলকধাঁধায় ঘোরাফেরা’ ইত্যাদি।
আজ মেলার আয়োজন : আজ সোমবার বইমেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় মূল মঞ্চে হবে দিব্যদ্যুতি সরকার রচিত ‘বঙ্গবন্ধুর কারাজীবন’ শীর্ষক বই নিয়ে আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রাশিদ আসকারী। আবুল মোমেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করবেন সাহিদা বেগম ও আশফাক হোসেন। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
