কিশোরী-তরুণীসহ ছয়জন ধর্ষণের শিকার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৬ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ি থেকে তুলে নিয়ে ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় গত শনিবার বিকেলে সালাম মিয়া (৩৬) নামে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ধর্ষণের শিকার ওই কিশোরী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আটক সালাম উপজেলার উত্তরভাগ গ্রামের প্রয়াত রইছ মিয়ার ছেলে।

কিশোরীর মা ছফিনা বেগম দেশ রূপান্তরকে জানান, গত শুক্রবার তার ছোট মেয়ে ও ছেলেকে বাড়িতে রেখে বড় মেয়ের স্বামীর বাড়িতে যান তিনি। শনিবার ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে সালাম তার মেয়েকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে একই গ্রামের প্রবাসী কফিল মিয়ার ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর সকালে তিনি বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে ওই বাসার দরজার তালা ভেঙে তার মেয়েকে হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন। তখন ওই ঘরে থাকা সালাম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানায় সোপর্দ করে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক সালামকে গতকাল রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে এক তরুণী ও দুই গৃহবধূসহ তিনজনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে ধর্ষণ, ঝিনাইদহে স্বামীকে ফেরত এনে দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভোলার চরফ্যাশনে প্রেমের ফাঁদে পড়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

ঝিনাইদহে ধর্ষণের শিকার গৃহবধূ : ঝিনাইদহে বাড়ি থেকে চলে যাওয়া স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার রাতে মহেশপুর পৌর এলাকার বগা গ্রাম থেকে কুদ্দুস কবিরাজ (৪৯) নামে এক কবিরাজকে আটক করে পুলিশ। আটক কুদ্দুস যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, কুদ্দুস কবিরাজ বগা গ্রামে এসে কবিরাজী করত। প্রায় দুই বছর আগে বাড়ি ছেড়ে যাওয়া ওই গৃহবধূর স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে তাকে ডেকে নেয় ওই কবিরাজ। পরে কবিরাজের বাড়িতে গেলে গৃহবধূকে ধর্ষণ করে কুদ্দুস। এ ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ভুক্তভোগীর ভাষ্য, গত বুধবার দুপুরে উপজেলার মাসুমাবাদ এলাকায় ধর্ষণের শিকার হন তিনি।

এ ঘটনায় মামলা হয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো উপজেলার হাটাবো এলাকার জমশের আলীর ছেলে শহর আলী, একই এলাকার মন্টু মিয়ার ছেলে রকি ও তার স্ত্রী ফারজানা বেগম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার দুপুরে ওই গৃহবধূকে খালা শাশুড়ির বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে মাসুমাবাদ এলাকায় নিয়ে যায় বান্ধবী ফারজানা বেগম। এরপর একটি নির্জন ঘরে নিয়ে যাওয়া হয় তাকে। এসময় বাথরুমে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে রেখে অন্যত্র চলে যায় ফারজানা। পরে শহর আলী, রকি ও অজ্ঞাত একজন মিলে ওই গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজাহার আলী জানান, মামলার পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চরফ্যাশনে তরুণীকে দল বেঁধে ধর্ষণ : ভোলার চরফ্যাশনে এক যুবকের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় চর মানিকা কোস্টগার্ড জানায়, গত শনিবার রাতে উপজেলার চর ফারুকী গ্রামের বুড়াগৌরঙ্গা নদীতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে ওই কথিত প্রেমিকসহ ৫ যুবককে আটক করা হয়েছে।

আটকরা হলো উপজেলার দক্ষিণ আইচার ইউছুফ হাসান সরদার (২০), সোহেল রানা দিদার (২০), চর মানিকার ওয়াসেল আহম্মদ সিকদার (২০), চরকচ্ছপিয়ার রিপন ফকির (২০), একই এলাকার মোরশেদ হাওলাদার (৩৫)।

চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, নদীতে অভিযানকালে শনিবার রাত সাড়ে ৩টার দিকে একটি ভাসমান ট্রলার থেকে ওই নারীকে উদ্ধারসহ পাঁচ যুবককে আটক করা হয়। ভুক্তভোগীর দাবি, সোহেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের ফাঁদে ফেলে সহযোগীদের নিয়ে তাকে দল বেঁধে ধর্ষণ করে সোহেল। দক্ষিণ আইচা থানার ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর কদমতলীতে দুই কিশোরীকে ধর্ষণ : কদমতলী থানাধীন নোয়াখালী পট্টির একটি বাসায় গতকাল রবিবার দুই কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ করেছে ওই দুই কিশোরী। গতকাল রাত পৌনে ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার ওসি মাহবুব জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত