বিশ্বকাপজয়ী যুবাদের প্লট দেওয়ার দাবি সংসদে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী যুবাদের প্লট দেওয়ার দাবি উঠেছে জাতীয় সংসদে। এ ছাড়া তারা যথাযথ সম্মানীসহ এই দলের ক্রিকেটারদের শিক্ষার ব্যয়ভার বহনেরও দাবি জানান।

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক ও গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এ দাবি জানান।

দেশে ফেরার পর বিশ্বকাপজয়ী যুবাদের গণসংবর্ধনা দেওয়া এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে যথোপযুক্ত সম্মানী দেওয়ার দাবি জানান মুজিবুল হক। 

সংসদে অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির নেতা মুজিবুল হক বলেন, বিশ্বকাপ জয়ে সারা দেশের মানুষ আনন্দিত। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর মানুষ যেভাবে আনন্দিত হয়েছিল, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে যেভাবে আনন্দিত হয়েছিল; অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়েও সেভাবে সারা দেশের মানুষ আনন্দিত।

মুজিবুল হকের বক্তব্যকে সমর্থন করে গণফোরামের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেন, অনূর্ধ্ব-১৯ দলের সদস্যরা যত দিন পড়াশোনা করবে, তত দিন যেন তাদের পড়াশোনার খরচ প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া হয়। সুন্দরভাবে জীবনযাপনের জন্য বিশ্বকাপজয়ী যুবাদের প্লট দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের মধ্যে অনেকে আছে যারা সেভাবে প্রতিষ্ঠিত নয়। যারা বিশ্বব্যাপী আমাদের জন্য সম্মান বয়ে এনেছে, সরকারের পক্ষ থেকে তাদের প্লট বরাদ্দ করা হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত