বোন হারানোর শোকই যেন আকবরের শক্তি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৪ এএম

যুব বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ম্যাচের দুদিন আগে মারা যান বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীর বড় বোন। ৫ ভাইবোনের মধ্যে সবার ছোট হওয়ায় একমাত্র বোনের আদরটা বেশিই পেতেন আকবর। বিশ্বকাপে থাকায় বোনের মৃত্যুর খবর জানানো হয়নি তাকে। যমজ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আকবরের বড় বোন খাজিদা খাতুন। পরে জানতে পেরে মানসিক আঘাত পেয়েছিলেন আকবর, কিন্তু শক্ত মানসিকতার আকবর ব্যক্তিগত শোক ভুলে ঘুরে দাঁড়িয়ে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। শোককে শক্তিতে পরিণত করেন তিনি। বিশ্বকাপ দলে ছিলেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

চোটের কারণে ফিরে আসতে হয় তাকে। মৃত্যুঞ্জয় জানিয়েছেন বোনের মৃত্যু পরবর্তী আকবরকে, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দুদিন আগে (২২ জানুয়ারি) আকবর ভাইয়ের আপু মারা যান। কিন্তু পরিবার থেকে আকবর ভাইকে খবরটি জানানো হয়নি। ম্যাচ শেষে বাসা থেকে ফোন আসে। আমরা সবাই অনেক কান্নাকাটি করেছিলাম। তখন শোকাবহ একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল।’ আকবর নিজেও জানতেন তার ওপর বড় দায়িত্ব। তাই তো শোক ভুলে পুরো দলকে মনোযোগ দিতে বলেন বিশ্বকাপে। ‘আকবর ভাই শক্ত মনের মানুষ। তিনি দুদিন নিজের রুমেই বন্দি ছিলেন। কারও সঙ্গে কথা খুব একটা বলতেন না। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়েছেন। সবাইকে বলেছেন বিশ্বকাপে মন দিতে’ বলছিলেন মৃত্যুঞ্জয়।

আকবর যখন জানতে পারেন, তখন মেজ ভাইকে ফোন করে জানতে চান কেন তাকে বোনের মৃত্যুর খবর জানানো হয়নি। আকবরের ফার্নিচার ব্যবসায়ী বাবা গতকাল রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ার বাসায় বলেন, ‘পাকিস্তান ম্যাচের এক দিন আগে আমাদের একমাত্র মেয়ে মারা যায়। চার ভাইয়ের একটাই বোন। আকবর বাড়ির সবার ছোট হওয়াতে ও ছিল ওর বোনের কলিজার টুকরা। মৃত্যু সংবাদটা ওকে দিতে চাইনি। কিন্তু কীভাবে যেন পেয়ে যায়। আগে কিছু বলেনি। পাকিস্তান ম্যাচের পর ওর মেজ ভাইয়ের কাছে খবর না জানানোর কৈফিয়ত চাইলে আমরাও কিছুটা ঘাবড়ে যাই। আমি তো ওর সঙ্গে কথা বলার সাহসই পাইনি। কী জবাব দেব?’

আকবর আলি এখন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। আদরের ভাইকে বিশ্বজয়ী নায়ক দেখতে পারলে নিশ্চয়ই সবচেয়ে খুশি হতেন। রবিবার পচেফস্ট্রুমের ফাইনালে বিরুদ্ধ স্রোতে মাথা ঠাণ্ডা রেখে ব্যাট করে আকবর ভারতকে হারিয়ে বিশ্বকাপ এনে দেন দেশকে। আকবরের পরিণত মানসিকতার প্রশংসা পাচ্ছে সারা ক্রিকেট বিশ্বে। তাই আবারও বলতেই হয় আকবর আলি ‘আকবর দ্য গ্রেট’।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত