কণ্ঠশিল্পী ও অভিনেতা হাবিব সানির ‘স্বপ্নলোক’ শিরোনামের নতুন গান জি সিরিজের ব্যানারে প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে। গানটি রচনার পাশাপাশি সুর করেছেন শফিক তুহিন। আর গানটির জন্য সংগীতায়োজন করেছেন সালমান জাঈম। ব্যতিক্রমী গল্পে গানের ভিডিও চিত্র নির্মাণ করেছেন মিন্টু খান। আর চিত্রায়ণে শিল্পী হাবিব সানির সঙ্গে মডেল হয়েছেন জুলিয়া জুঁই।
নিজের নতুন গান প্রসঙ্গে শিল্পী হাবিব সানি বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে আমার নতুন গান প্রকাশ করেছি। সুতরাং বোঝাই যাচ্ছে এটি ভালোবাসার গান। ভালোবাসার মিষ্টি উপাখ্যানের গান। আমরা পুরো টিম একসঙ্গে চেষ্টা করেছি একটি সুন্দর কাজ উপহার দেয়ার। বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন।
সংগীত চর্চার পাশাপাশি টিভি নাটকে অভিনয় ও মডেলিংয়ের সঙ্গেও যুক্ত হাবিব সানি। তার অভিনীত ‘ডার্ক উইন্ডো’ নাটকটি গত বছরের ২৮ ডিসেম্বর একুশে টিভিতে প্রচার হয়। দয়াল সাহা রচিত নাটকটি পরিচালনা করেন অভ্র মাহমুদ। এ ছাড়া খান আমিরের পরিচালনায় ‘ভুল প্রেম’ নামের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন। ভিডিওটি ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রিলিজ হবে।
