সংসদে প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে ২৮,৮৩২ শূন্যপদ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৫ এএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২৮ হাজার ৮৩২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের শূন্যপদ ৭ হাজার ১৮টি ও সহকারী শিক্ষকের শূন্যপদ ২১ হাজার ৮১৪ জন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এসব তথ্য জানান।

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধান শিক্ষকের শূন্যপদগুলোর মধ্যে পদোন্নতিযোগ্য শূন্যপদ ৪ হাজার ১৬৬টি, সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদ ২ হাজার ৮৫২টি। সরাসরি নিয়োগের জন্য ৩৭তম বিসিএস থেকে নিয়োগের জন্য গত বছরের ২৬ জুন প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নির্ধারিত ফরমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণে ইতিমধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য পরিপত্র জারি করা হয়েছে।

তিনি জানান, আদালতে মামলা থাকায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি বন্ধ রয়েছে। তবে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত