জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে তিন সহোদরকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু ও সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজীপাড়া গ্রামে আ. আউয়ালের সঙ্গে একই এলাকার আবদুর রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে মঙ্গলবার দুপুরে আ. আউয়ালের ছেলে আমিন ও হাফিজের নেতৃত্বে আ. আউয়াল, শরীফ, আরমান, রিনা ও আসমা দেশি অস্ত্র নিয়ে আবদুর রফিকের ছেলে সাইফুল, ইসমাইল ও আবদুল্লাহকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় তারা সাইফুলের পা ও হাতের রগ কেটে দেয়। আহত তিন সহোদরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
