গ্রামীণ সড়কের টেন্ডার হওয়া কাজ করতে না দেওয়ায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঠিকাদাররা।
গতকাল বুধবার দুপুরে চরফ্যাশন ও মনপুরায় এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্পের সড়ক মেরামত ও নির্মাণকাজ বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগে এলজিইডি ভবনের সামনে ঠিকাদাররা একত্রিত হয়ে এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ ঠিকাদাররা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চরফ্যাশন উপজেলা প্রকৌশলীকে ভোলা কার্যালয়ে অবরুদ্ধ করে এমপি জ্যাকবের বিরুদ্ধে সেøাগান দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।
ভুক্তভোগী ঠিকাদাররা জানান, বিভিন্ন প্রকল্পের প্রায় ৭০ কোটি টাকার কাজে অনলাইন টেন্ডারিং সিস্টেমের (ই-জিপি) লটারির মাধ্যমে টেন্ডারে অংশগ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০ থেকে ২৫ জন ঠিকাদার এসব কার্যাদেশ পান। তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও তাদের কাজের সাইট বুঝিয়ে দেওয়া হয়নি। এলজিইডির সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর কাছে কাজ বুঝিয়ে দেওয়ার আবেদন করলে তিনি এমপি জ্যাকবের নির্দেশ ছাড়া কাজ বুঝিয়ে দিতে অপারগতা জানান। মেসার্স তহুরা এন্টারপ্রাইজের মালিক আবদুর রাজ্জাক, ঠিকাদার জুলফিকার আহমেদ জুয়েল, ঠিকাদার রুহুল আমিন কুট্টি, ঠিকাদার হাসান লিটনসহ কয়েকজন ঠিকাদার জানান, স্থানীয় এমপি জ্যাকবের কাছে কাজের সাইট সম্পর্কে আলোচনা করলে তিনি প্রতিটি কাজের জন্য ২০ পার্সেন্ট করে টাকা তার ম্যানেজারের কাছে জমা দেওয়ার কথা বলেন। তা না দেওয়ায় প্রকৌশলী আমদের কাজ বুঝিয়ে দিচ্ছেন না। এতে করে আমরা কাজ করতে পারছি না।
এ ব্যাপারে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে তার ব্যবহৃত দুটি মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ঠিকাদারদের অভিযোগের বিষয় ও উদ্ভুত পরিস্থিতি সমাধানে আলোচনা করা হচ্ছে।
