ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে বিজিবির গুলিতে এক শিশুসহ তিনজন নিহত ও ১৮ গ্রামবাসী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও স্মরণসভা করেছে গ্রামবাসী।
গতকাল বুধবার সকালে এলাকাবাসী এবং আহতরা ব্যানার-ফেস্টুন নিয়ে বহরমপুর গ্রামে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে স্মরণসভায় আহতরা সেদিনের বিভীষিকাময় ঘটনা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন। বক্তারা বলেন, এক বছর পেরিয়ে গেলেও বিজিবির নির্বিচার গুলিবর্ষণে হতাহতরা সুষ্ঠু বিচার পায়নি। বরং অর্থের অভাবে গুলিবিদ্ধরা চিকিৎসা করাতে না পেরে পঙ্গুত্ব বরণ করেছে। বক্তারা ওই ঘটনায় গ্রামবাসীর বিরুদ্ধে বিজিবির করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
