বন্ড সন্ত্রাসীদের তাণ্ডব

সাংবাদিকদের ওপর হামলায় গ্রেপ্তার চার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৭ এএম

পুরান ঢাকার নয়াবাজারে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিককে মারধর ও নিউজ টোয়েন্টিফোরের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে তাদের মধ্যে তিনজনকে এক দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আরেকজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল বুধবার রাজধানীর কোতোয়ালি, কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. গোলাম মোস্তফা ওরফে সুমন (৩৮), মো. ইলিয়াস কবির ওরফে জনি (২৭), মোহাম্মদ সাব্বির (২৯) ও মো. মেহেদী হাসান নয়নকে (২৫) গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে নেওয়া হলে মহানগর হাকিম জিয়াউর রহমান সুমন, জনি ও সাব্বিরকে এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

গ্রেপ্তারকৃত অপর আসামি মেহেদী হাসান নয়ন ফৌজধারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বংশাল থানার ওসি মো. শাহিন ফকির জানান, বুধবার সকাল ৮টায় রাজধানীর কোতোয়ালি থানা, কেরানীগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্যামেরা উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে কাস্টমস কর্তৃপক্ষ অবৈধ বন্ডের পেপার কার্ট্রিজের ওপর অভিযানের সময় সংবাদ সংগ্রহকালে বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর ব্যাপক হামলা চালায় অবৈধ বন্ড সন্ত্রাসীরা। তারা লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা করে সাংবাদিকদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়। ভাঙচুর করে তাদের গাড়ি। এ হামলায় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফখরুল ইসলাম (৩০) বাদী হয়ে বংশাল থানায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত