টাকার সংকট নেই

পররাষ্ট্রমন্ত্রীর কথা ঠিক নয় : অর্থমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৯ এএম

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দেশটিতে আতঙ্ক নিয়ে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকারের কাছে টাকার কোনো অভাব নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, তবে অন্য কারণে বাংলাদেশিদের এই মুহূর্তে সরকারিভাবে  দেশে ফেরানো হচ্ছে না। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ-সৌদি আরব যৌথ কমিশনের (জেসি) ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, সরকারি খরচে চীন থেকে আর কোনো বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হবে না। যারা আসতে চান, তাদের নিজ খরচে আসতে হবে। আমাদের ফান্ডে আর টাকা নেই। আগে যাদের এনেছি, ৩ কোটি টাকা প্লেন ভাড়া দিতে হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন এটা ঠিক নয়। আমরা চীন থেকে ৩০০-৪০০ জনকে এ পর্যন্ত দেশে এনেছি। কিন্তু সমস্যা হলো, যেসব পাইলট ও কেবিন ক্রু চীনে গিয়েছিলেন, তাদের কোনো দেশে ঢুকতে দিচ্ছে না। এমনকি আমাদের সেই প্লেনটিও অন্য কোনো দেশে যেতে পারছে না। সুতরাং টাকার কারণে তাদের আনতে পারছি না বিষয়টা এমন নয়। আমাদের টাকার কোনো অভাব নেই।’

তিনি আরও বলেন, ‘যারা চীন থেকে এসেছেন, তারা এখন পর্যন্ত সিঙ্গাপুরে যেতে পারছেন না। ক্যাপ্টেন, ক্রু তারা সবাই যেন জেলে বাস করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাহির আবদুল রাহমান গাসিম, আরামকোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এক্সপার্ট জুলিও সি হেজেলমেয়ার মোসেস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত