রাজধানীর হাতিরপুলে দাম্পত্য কলহের জেরে সাজেদা (৩৫) নামে এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় হাতিরপুল ভূতের গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। স্বামী ফেরদৌসকে (৪০) আটক করেছে পুলিশ। স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন তিনি।
পেশায় রিকশাচালক ফেরদৌসের গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলে। ফেরদৌস-সাজেদা দম্পতির ৯ ও ৭ বছর বয়সের দুটি ছেলে রয়েছে।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, গৃহবধূ সাজেদাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী ফেরদৌস বাসার মধ্যেই বসে ছিলেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে রাতে কলাবাগান থানা পুলিশের একটি দল সাজেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে কলহ চলছিল বলে স্বামী ফেরদৌস জিজ্ঞাসাবাদে জানিয়েছে। স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহ ছিল তার। বিষয়টি নিয়ে তাদের গ্রামের বাড়িতে একবার সালিশও হয়েছে বলে জানিয়েছে সে।’
