কবি মাসুদ খানের নতুন কাব্যগ্রন্থ ‘ঊর্মিকুমার ঘাটে’

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০৫ পিএম

অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে প্রকাশ হয়েছে কবি মাসুদ খানের নতুন কাব্যগ্রন্থ ‘ঊর্মিকুমার ঘাটে’।

বইটি প্রকাশ করেছে কবিতাভবন, বাতিঘর। প্রচ্ছদ নির্ঝর নৈঃশব্দ্য। পাওয়া যাবে মেলায় বাতিঘর স্টলে (নম্বর ৪৪৩–৪৫)।

কাব্যগ্রন্থটি প্রসঙ্গে ফেসবুক পোস্টে মাসুদ খান বলেন, ‘আমার প্রতিটি কবিতার বইয়ে থাকে এক বা একাধিক দীর্ঘ কবিতা। এবারকার বইটিতে নেই। তার বদলে আছে কয়েকটি গীতিকবিতা। আছে কিছু অনুচ্চ স্বরের হর্ষবিষাদ পদাবলি। শব্দে-নৈঃশব্দ্যে, ছন্দে-দুশ্ছন্দে, রূপনিধি রজকিনী আর যোগিনী ব্যঞ্জনায়, পিশাচীস্পর্শে, লাল-কালো কোলাহলে জেগে-ওঠা এক ভোরের ঊর্মিকুমার ঘাট।’

কবি মাসুদ খানের জন্ম জয়পুরহাটে। পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে কানাডায় শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। কবিতার জন্য তিনি পেয়েছেন বাংলা একাডেমির ‘সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার’ (২০১৭), ‘বগুড়া লেখকচক্র পুরস্কার’ (২০১৩), ধানসিঁড়ির ‘জীবনানন্দ পুরস্কার’ (২০১৬) এবং ‘প্রথম আলো বর্ষসেরা বই’ (২০১৯)।   

এর আগে প্রকাশিত তার বইগুলোর মধ্যে রয়েছে- ‘প্রজাপতি ও জংলি ফুলের উপাখ্যান’, ‘পাখিতীর্থদিনে’, ‘প্রসন্ন দ্বীপদেশ’, ‘পাখপাখালির গান পাগলাঝোরার তান’, ‘দেহ-অতিরিক্ত জ্বর’, ‘এই ধীর কমলাপ্রবণ সন্ধ্যায়’, ‘আঁধারতমা আলোকরূপে তোমায় আমি জানি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত