তাকে একজন সংগীতশিল্পী হিসেবেই চেনেন মানুষ। নিজের অসাধারণ গায়কিতে বেঁধে নিয়েছেন অসংখ্য ভক্ত-শ্রোতা। এর বাইরেও অনুষ্ঠান উপস্থাপনাও করেন। বিশেষ দিবসে চ্যানেল আইয়ের জন্য নির্মিত একাধিক অনুষ্ঠানের পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে। গান লিখে, সুর করেও প্রশংসা কুড়ান এই শিল্পী। অভিনয় করেছেন ইমপ্রেস টেলিফিল্মের ‘লালটিপ’ ছবিতেও। হয়েছেন রিয়্যালিটি শোর বিচারক। পাঠক, বলছিলাম চ্যানেল আই সেরাকণ্ঠের ২০০৯ সালের মুকুট বিজয়ী সোমনূর মনির কোনালের কথা। ভালোবাসা দিবসে কোনাল ‘মেঘ’ কে তার বন্ধুর শহরে পাঠাবেন। ‘মেঘ’র কাছে বলবেন হৃদয়ের যত আকুতি।
গত বছরের শেষার্ধে ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় এই সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ’র ‘মেঘ’ শিরোনামের গান। জিসান খান শুভ’র কথা-সুর আর নাভেদ পারভেজের সংগীতায়োজনে সেই গানটিই এবার শোনা যাবে কোনালের কণ্ঠে, এই ভালোবাসা দিবসে। স্বরাজ দেব’র ভিডিও পরিচালনায় মনোরম লোকেশনে চিত্রায়িত ভিডিওতে মডেল হিসেবেও দেখা যাবে কোনাল কে।
‘মেঘ’ নিয়ে কোনাল বলেন, ‘মেঘের কথা সুরে এত দরদ! সংগীতায়োজনও দারুণ হয়েছে। গানটি শুনেই গাইতে ইচ্ছে হলো। গেয়েও ফেললাম । আশা করছি গানটিতে শ্রোতা-দর্শকেরা নতুনত্ব পাবেন। জিসান খান শুভ অনুজ, ওর জন্য শুভ কামনা থাকল।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার, ভালোবাসার দিনে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘মেঘ’র ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন মিউজিক এবং রবি স্প্ল্যাশে।
