রাজস্ব কমেনি লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন কম : অর্থমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪১ পিএম

আগেরবারের চেয়ে চলতি অর্থবছর রাজস্ব আদায় কমেনি জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত ১২ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। তবে আমরা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেশি করে ধরি, তাই লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন কিছুটা কম।

গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন,  প্রবৃদ্ধি হিসাব হবে গত বছর এই সময়ে আমরা কী অর্জন করেছি এবং এ বছর কেমন অর্জন করলাম তার ওপর ভিত্তি করে। এ বছর যদি কম হয়, তাহলে তা নেতিবাচক প্রবৃদ্ধি হবে। আর যদি গত বছরের তুলনায় বেশি করি তাহলে তা প্রবৃদ্ধি। আমার জানা মতে, এ বছর ১২ হাজার কোটি টাকার বেশি প্রবৃদ্ধি অর্জন হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয় বড় আকারের, যাতে এটি অর্জন করার জন্য সবাই চেষ্টা করে। এ বিষয়ে আমাদের প্রকাশনাগুলো দেখবেন, সারা বিশ্বের অবস্থা দেখবেন, তারপর বলবেন আমরা কেমন আছি। রাজস্ব আহরণ গত বছরের তুলনায় এ বছর কমেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত