জিয়া হল প্রাধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পদত্যাগ দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিয়া রহমানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে হল অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নমানের খাবার ও টি-শার্ট বিতরণের অভিযোগে প্রাধ্যক্ষকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকাও দাহ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে হল ছাত্রলীগের নেতাকর্মীসহ কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন দিন ধরেই হলে নানা ধরনের অনিয়ম করে আসছেন প্রাধ্যক্ষ জিয়া রহমান। কোনো কাজেই শিক্ষার্থীদের মতামতের তোয়াক্কা করেন না তিনি। সর্বশেষ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নিম্নমানের টি-শার্ট প্রদান, সকালে নাশতা না দেওয়া ও দুপুরে মানসম্মত খাবার না দেওয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেই টি-শার্ট বিতরণ শুরু হলে সঙ্গে সঙ্গেই ক্ষোভ জানান তারা। একপর্যায়ে খেলাধুলা বর্জন করে জাতীয় সংগীত শেষ করেই হলে ফিরে আসেন শিক্ষার্থীরা। পরে হলের মূল ফটক আটকে বিক্ষোভ করেন তারা। প্রাধ্যক্ষ হলে এসে তার কক্ষে প্রবেশ করতে চাইলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। দুপুর পৌনে ২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন হলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা অনড় থাকলে তারা প্রাধ্যক্ষকে নিয়ে হল ত্যাগ করেন।

জিয়া হল সংসদের জিএস হাসিবুল ইসলাম শান্ত দেশ রূপান্তরকে বলেন, ‘স্যার আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। শিক্ষার্থীদের দাবিদাওয়া স্যারকে আগেই অবহিত করেছিলাম আমরা। তিনি এর আগেও পয়লা বৈশাখে নষ্ট খাবার বিতরণ করেছিলেন। তিনি শিক্ষার্থীদের জন্য কোনো কাজই করেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

এসব অভিযোগের বিষয়ে হলের প্রাধ্যক্ষ জিয়া রহমান বলেন, ‘হলের আবাসিক শিক্ষার্থীদের সাব কমিটি করে সব আয়োজন করা হয়েছে। যদি খাবার বা টি-শার্ট নিম্নমানের হয়, তাহলে শিক্ষার্থীরা আমাদের অবহিত করতে পারত। অন্যান্য হলের টি-শার্টের সঙ্গে তুলনা করে দেখুন। আন্দোলন করলে তো কিছু করার নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত