চীনে করোনায় মৃত্যুতে শোক প্রধানমন্ত্রীর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনাভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনো ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে এই শোক প্রকাশ করেন। চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দৃঢ়ভাবে

বিশ্বাস আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং থামাতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী ও প্রশংসনীয়। বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

প্রধানমন্ত্রী এই ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটজনক মুহূর্তে চীনে বসবাসরত প্রচুর বাংলাদেশি নাগরিককে সুরক্ষা দেওয়ায় চীনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত