ক্রিকেটারদের বিশ্রাম দিতে পাকিস্তান সফর থেকে সরে এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। টানা খেলার ধকল থেকে ক্রিকেটারদের মুক্তি দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে প্রোটিয়ারা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। তা খেলেই ভারতে ছোট ফরম্যাটের সিরিজ খেলতে যাওয়ার কথা আছে তাদের। এই সিরিজের পরপরই তিন টি-টোয়েন্টি খেলতে মার্চে পাকিস্তান যাওয়ার কথা ছিল প্রোটিয়াদের। কিন্তু আপাতত এই সিরিজ হচ্ছে না।
আর সব সফরের মতো দক্ষিণ আফ্রিকাও পাকিস্তানের নিরাপত্তার বিষয়টি দেখার জন্য প্রস্তুত ছিল। চলতি মাসের শেষ দিক থেকে শুরু পিএসএলের সময় পাকিস্তানে প্রতিনিধি পাঠানোর কথা ছিল তাদের। কিন্তু সেই পরিকল্পনাও আপাতত ভেস্তে গেল। ভারতের বিপক্ষে ১৮ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি খেলবে প্রোটিয়ারা। এদিকে পিএসএল শেষ হবে ২২ তারিখ। পাকিস্তান চেয়েছিল এই চার দিন দক্ষিণ আফ্রিকাকে দুবাই রাখতে। পিএসএল শেষ হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের দেশে উড়িয়ে আনবে। কিন্তু একাধারে খেলার সূচিতে বিরতি দিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এছাড়া মার্চের ২৮ তারিখ থেকে আইপিএল শুরু। বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান অংশ নেবেন ভারতের এই টুর্নামেন্টে। পাকিস্তান সিরিজ খেললে ক্রিকেটাররা বিশ্রাম নেওয়ার সামান্য সুযোগও পাবেন না। তাই বাধ্য হয়েই পাকিস্তান সফর পরে কোনো সময়ে করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ইন্টারনেট।
