করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আরামবাগ, মগবাজার, রমনা এবং সিলেট থেকে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে গতকাল শুক্রবার ছেড়ে দেওয়া হয়। এছাড়া করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াতে পারে সন্দেহজনক এমন অন্তত ৮টি ফেইসবুক আইডি নজরদারিতে রাখা হয়েছে বলে সিটিটিসির একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন।
সিটিটিসি কর্মকর্তাদের ভাষ্য, গুজব ছড়ানোর অভিযোগে আটক পাঁচজন নিজেদের ভুল স্বীকার করে সব ভুয়া খবর ফেইসবুক থেকে তুলে নিয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের গুজব ছড়াবে না মর্মে লিখিত দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া গতকাল রাতে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘নিউজ ব্লগ নামে একটি ভুয়া অনলাইন পোর্টালের খবর আটককৃতরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। ওই ভুয়া খবরে মুন্সীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন এবং পোলট্রি খামারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এমন গুজব ছড়ানো হচ্ছিল।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ে দেশের মানুষের মধ্যে ভীতি ও অস্থিরতা তৈরির জন্য একটি চক্র বিভিন্ন কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের আমরা নজরদারিতে রেখেছি।’
সাইবার সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নাজমুল ইসলাম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানোর চেষ্টা করছেন অনেকে। এসব আইডি ক্লোজ মনিটরিংয়ে রাখা হয়েছে।’
