শিগগিরই খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খোন্দকার মাহবুব হোসেন। গতকাল শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আইনজীবীদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাহবুব হোসেন বলেন, ‘আমরা আবারও খালেদা জিয়ার জামিনের আবেদন করব। আশা করি, জনগণের শেষ আশ্রয়স্থল হাইকোর্টে আবেদন করলে অবশ্যই
জামিন পাব।’
তিনি আরও বলেন, ‘আমরা আইনজীবীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছি। তাদের সবারই একটাই অভিযোগ, খালেদা জিয়ার সাত বছরের সাজা, অসুস্থ বয়স্ক একজন নারী, কেন হাইকোর্ট জামিন দিচ্ছে না? কেন আপিল বিভাগ জামিন দিচ্ছে না। দলের স্থায়ী কমিটির নেতাদের আরও অভিযোগ, আইনজীবীরা হয়তো সঠিকভাবে আবেদন করতে পারছেন না।’
স্থায়ী কমিটির সদস্যদের অভিযোগের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘আমরা সঠিকভাবে আবেদন করছি। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখন আইনের শাসনও সবক্ষেত্রে থাকে না। সে কারণেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে খালেদা জিয়ার জামিন হচ্ছে না।’
কবে আবেদন করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘শিগগিরই আবেদন করা হবে।’
বৈঠক শেষে খালেদা জিয়ার আরেক আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার জানান, আগামী সপ্তাহে খালেদা জিয়ার জামিনের জন্য আবেদন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন।
