মাদক নিরাময় কেন্দ্রে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:২০ এএম

সাভারের রেডিও কলোনি এলাকার নিউ আদর মাদক নিরাময় কেন্দ্রে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে নিরাময় কেন্দ্রের তিন পরিচালকসহ পাঁচজনের নামে মামলাটি করা হয়। এতে আরও তিনজনকে অজ্ঞাত আসামি করেন জাহাঙ্গীরের বড় ভাই। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার আদালতে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যজনকে দুদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সাভার মডেল থানার এসআই মনিরুজ্জামান মোল্লা বলেন, নিরাময় কেন্দ্রের কর্মচারী ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রবিউল হোসেন (২০) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই দেওয়ানপাড়া গ্রামের আবদুস ছোবাহানের ছেলে লাবিব আহম্মেদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর লাবিবকে রিমান্ডে নেওয়া হয়েছে।

অন্য আসামি নিরাময় কেন্দ্রের পরিচালক মো. আরিফুল ইসলাম জুয়েল (৪০), আরিফুল ইসলাম রাজু (৩০) ও রোমান মৃধাকে (৩৫) গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে নিউ আদর মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে জাহাঙ্গীরকে হাত-পা বেঁধে মুখে গামছা গুঁজে দিয়ে পেটান মামলায় উল্লেখ ব্যক্তিরা। একপর্যায়ে নাক ও মুখে পানি ঢেলে রাতভর মেঝেতে ফেলে রাখা হলে শ্বাসকষ্টজনিত রোগী জাহাঙ্গীর মারা যান। পরদিন সকালে তারা লাশ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত