দিনাজপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৮ এএম

দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান মজনুকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার সুবদেবপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে পরিচিতজনরাই মজনুর ওপর হামলা চালায় বলে ধারণা করছে পুলিশ।

নিহত মজনু সেতাবগঞ্জ পৌর এলাকার ধনতলা শাহপাড়ার ওবায়দুর রহমানের ছেলে।

বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, শনিবার রাত ১১টার দিকে ব্যবসার টাকা লেনদেনের কাজে সুবদেবপুর চৌরাস্তা এলাকায় যান মজনু। সেখানে দুর্বৃত্তরা পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। মজনুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।

বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী গতকাল বিকালে দেশ রূপান্তরকে বলেন, ‘মোটরসাইকেল নিয়ে ৮-১০ জন এসে দেশি অস্ত্র দিয়ে মজনুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে টাকা লেনদেনের বিষয় নিয়ে মজনুকে পরিচিতজনরাই কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আমরা চেষ্টা করছি হত্যাকারীদের ধরতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত