যৌন ব্যবসায় নামতে রাজি না হওয়ার জের

স্ত্রীকে দুইজনকে দিয়ে ধর্ষণের পর পুড়িয়ে হত্যাচেষ্টা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৩ এএম

বাসায় অপরিচিত দুই পুরুষকে ডেকে এনে তাদের দিয়ে স্ত্রীকে ধর্ষণের পর মাথার চুল ন্যাড়া করে দিয়ে শরীরে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন এক স্বামী। গতকাল শনিবার বগুড়া শহরের চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে। স্ত্রী যৌন ব্যবসায় নামতে রাজি না হওয়ায় এমন বর্বর ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছেন পরিবহন শ্রমিক স্বামী রফিকুল ইসলাম। গুরুতর আহত ওই গৃহবধূকে প্রতিবেশীরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতিত গৃহবধূ ও তার স্বজনরা দেশ রূপান্তরকে জানান, বগুড়ার গাবতলীর বাসিন্দা রফিকুল ইসলাম দিনাজপুর থেকে ঢাকাগামী একটি বাসে সুপারভাইজার হিসেবে কাজ করেন। তিনি দুই সপ্তাহ আগে স্ত্রী ও এক কন্যাসন্তান নিয়ে বগুড়া শহরের চকলোকমান এলাকায় একটি বাসা ভাড়া নেন। নির্যাতিত গৃহবধূর ভাষ্য, তার স্বামী বিভিন্ন সময় বাসায় অপরিচিত পুরুষ নিয়ে এসে তাদের সঙ্গে তাকে টাকার বিনিময়ে যৌনকর্মে লিপ্ত হতে বলতেন। এতে রাজি না হলে তাকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার হুমকি দেন রফিকুল। প্রতিকার পেতে গৃহবধূ বিষয়টি তার বাবা-মা ও শ্বশুর-শাশুড়িকে জানান। কিন্তু এরপরও রফিকুল তাকে যৌন ব্যবসায় নামার জন্য চাপ দিচ্ছিলেন। এ পরিস্থিতিতে স্বামী অপরিচিত লোকদের নিয়ে এসে তাদের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হতে বাধ্য করতে পারেন এমন আশঙ্কায় গতকাল সকাল থেকে বাসার ফটকে তালা ঝুলিয়ে ভেতরে বসে ছিলেন স্ত্রী। পরে বেলা ১২টার দিকে তার স্বামী দুজন অপরিচিত পুরুষ নিয়ে বাসার দরজায় এসে কড়া নাড়েন। কিন্তু স্বামীর মনোভাব বুঝতে পেরে দরজা খোলেননি স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে ওই দুই অপরিচিত পুরুষকে সঙ্গে নিয়ে দেয়াল টপকে বাসার ভেতরে ঢোকেন রফিকুল। এরপর তিনি স্ত্রীর হাত-মুখ বেঁধে ফেলেন এবং অপরিচিত ওই দুই পুরুষ গৃহবধূকে ধর্ষণ করেন। পরে রফিকুল মাথার ডান পাশের কিছু অংশ ন্যাড়া করে দিয়ে একটি বোতলে থাকা দাহ্য পদার্থ তার স্ত্রীর শরীরে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। আগুনে ওই গৃহবধূর পেট থেকে নিম্নাংশ পুড়ে গেছে।

শজিমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘ওই নারীর চিকিৎসা তদারকি করা হচ্ছে। ওসিসি থেকে তাকে সব ধরনের সহায়তাই দেওয়া হবে। একই সঙ্গে পুলিশকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে।’

এদিকে ঘটনা জানার পর বগুড়া পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল রফিকুলকে আটক করতে অভিযানে নেমেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিবি পুলিশের এসআই শফিউল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গৃহবধূর আগুনে পোড়া কাপড় ও মাথার কাটা চুল সংগ্রহ করা হয়েছে। রফিকুলকে আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত