আট গোলের ম্যাচ। তাতে শুরুতে তিন গোলে পিছিয়ে পড়লেও খেই হারায়নি পিএসজি। টানা চার গোল করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে আরও প্রতিপক্ষ অঁমিয়া আরও একটি গোল করলে রোমাঞ্চকর ড্রয়ে শেষ হয় লড়াই।
শনিবার রাতে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা অঁমিয়ার মাঠে অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। পিএসজির জয়ে জোড়া গোল করেন ডিফেন্ডার তাঙ্গাই কুয়াসি। একটি করে গোল করেন আন্দের হেরেরা ও মাউরো ইকার্দি।
চোটের কারণে ম্যাচটিতে ছিলেন না পিএসজির আক্রমণভাগের তারকা দুই খেলোয়াড় নেইমার ও কিলিয়ান এমবাপে।
ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই এগিয়ে যায় অঁমিয়া। গোলটি করেন দলটির ফরাসি ফরোয়ার্ড সেরহু গুইরাসি। প্রথমার্ধেই উইঙ্গার গায়েল কাকুতা ও মিডফিল্ডার ফুসেনি ডিয়াবেইট গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল।
বিরতিতে যাওয়ার ঠিক আগে মিডফিল্ডার হেরেরা পিএসজির হয়ে একটি গোল শোধ করেন। বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচে সমতা ফেরান অতিথি দলের ডিফেন্ডার কুসাসি।
৭৪তম মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি গোল করলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। যোগ করা সময়ে স্বাগতিক দলের ফরোয়ার্ড গুইরাসি দ্বিতীয় গোল করলে ড্রয়ে শেষ হয় রোমাঞ্চর লড়াই।
বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন পিএসজি স্ট্রাইকার এদিনসন কাভানি। কিন্তু ভালো ফিনিশিং টানতে পারেননি উরুগুয়ান এই ফরোয়ার্ড।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ২৫ ম্যাচে ৬২। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে মার্সেই।
