আবাসন প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের ফ্ল্যাট কিনলে গ্রাহকদের সহজ শর্তে ঋণ দেবে ট্রাস্ট ব্যাংক। গতকাল রাজধানীর গুলশানে ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে। চুক্তিতে সই করেন রূপায়ণ গ্রুপের পক্ষে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এহসানুর রহমান ও ট্রাস্ট ব্যাংকের পক্ষে সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন।
ট্রাস্ট ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, এটা রূপায়ণের গ্রাহকদের জন্য একটা বড় সুযোগ। কারণ গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে সাড়ে ১০ শতাংশ। তিনি আরও বলেন, রূপায়ণ ট্রাস্ট ব্যাংকের খুব ভালো ঋণ গ্রহীতা। এই গ্রুপের সঙ্গে আমরা অনেক আগে থেকেই লেনদেন করি। এখন গ্রাহকদের জন্য তাদের নেওয়া উদ্যোগকে সাধুবাদ জানাই। কারণ অনেক ক্রেতার একসঙ্গে বা কিস্তিতে টাকা পরিশোধ করার সামর্থ্য থাকে না, কিন্তু ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে।
তিনি আরও বলেন, এই চুক্তি অনেকটা ওয়ান স্টপ সার্ভিসের মতো। এর আওতায় গ্রাহকরা এক জায়গা থেকে সব সুবিধা পাবেন। ব্যাংকে গেলেও সবাই সব শর্ত পূরণ করতে পারেন না। এ জন্য রূপায়ণের সঙ্গে এই চুক্তি গ্রাহকদের জন্য ভালো হয়েছে। কারণ রূপায়ণ এ ক্ষেত্রে গ্রাহককে সর্বোচ্চ সহযোগিতা করবে।
এ বিষয়ে রূপায়ণের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক আহসানুর রহমান বলেন, এই চুক্তির ফলে লাভবান হবেন ফ্ল্যাট ক্রেতারা। কারণ অনেকে ফ্ল্যাট কিনতে চাইলেও অর্থ সংকটে থাকেন। এ জন্য রূপায়ণ গ্রুপ ব্যাংক থেকে সহজ শর্তে ও কম সুদে ঋণের ব্যবস্থা করে দেবে। এ ক্ষেত্রে ব্যাংকের দুজন কর্মকর্তা আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, রূপায়ণ গ্রুপের উত্তরা সিটি ছাড়াও বসুন্ধরায় ফ্ল্যাট রয়েছে। গ্রাহকরা এখান থেকে রেডি ফ্ল্যাট নিতে পারবেন। আমরা গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে চাই। এ জন্য আর্থিক বিষয়টা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার রিয়াজ মাহমুদ, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হেড অব ব্যাংকিংয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আবদুল কাদের মিয়া, ম্যানেজার (লোন) এ কে এম আশরাফুল আখলাক, ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ম্যানেজার ক্রেডিট অ্যান্ড ফরেন ট্রেড) মো. আবদুল বাছির হাসু, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোছা. বুশরা নজম, ম্যানেজার অপারেশন মো. আনোয়ার হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
