স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ

ব্যয়ের হিসাব পরীক্ষা করতে কমিটি গঠন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৯ পিএম

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্র্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন পাসের পর তা কার্যকর করতে একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এ কমিটি সংস্থাগুলোর ব্যয়ের হিসাব পরীক্ষা করবে।

গতকাল অর্থ মন্ত্রণালয়ের নগদ ও প্রচ্ছন্ন দায় অধিশাখার উপসচিব মো. ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে। চার সদস্যের কমিটির সভাপতির দায়িত্বে আছেন অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনার অতিরিক্ত সচিব। সদস্য হিসেবে রয়েছেন অর্থ বিভাগের বাজেট-১ শাখার যুগ্ম সচিব, মনিটরিং সেলের অতিরিক্ত মহাপরিচালক এবং নগদ ও প্রচ্ছন্ন দায় ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব সদস্য সচিব হিসেবে কাজ করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি সংস্থাগুলোর গত ৫ বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও হালনাগাদ ব্যাংক হিসাব বিবরণী এবং সংস্থাভিত্তিক চলমান ও পরের তিন বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য অনুমোদিত উন্নয়ন প্রকল্পের তালিকা সংগ্রহ করে বছরভিত্তিক ব্যয়ের হিসাব পরীক্ষা করবে। তফসিলভুক্ত সংস্থাগুলোর পেনশন ও ভবিষ্যৎ তহবিলের হিসাব সংগ্রহ করবে এবং তহবিলের উদ্বৃত্ত অর্থের হিসাবসহ সংস্থাভিত্তিক তথ্যাদি সংবলিত প্রতিবেদন প্রস্তুত করে অর্থ সচিব বরাবর উপস্থাপন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত