উল্টো বিপদে দক্ষিণাঞ্চল

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৯ এএম

মধ্যাঞ্চলকে বোনাস পয়েন্ট না দিতে ৪ উইকেট ১১৪ রানে ১ম ইনিংস ঘোষণা করেছিল বিসিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ দল দক্ষিণাঞ্চল। কিন্তু প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে যাচ্ছে তারা। মধ্যাঞ্চলকে ১ম ইনিংসে ১০০ ওভারের মধ্যে অলআউট করায় দেড় বোনাস পয়েন্টসহ তাদের সংগ্রহ তৃতীয় দিন শেষে ১৭.৮৯। তারা ভেবেছিল ম্যাচটা জিতলে মধ্যাঞ্চলের পয়েন্ট সর্বোচ্চ হবে ১৭.৫০ (২য় রাউন্ড পর্যন্ত ৯.৫০-এর সঙ্গে ৮ পয়েন্ট)। কিন্তু একটা হিসাব নজর এড়িয়ে গিয়ে থাকবে দক্ষিণের। সেক্ষেত্রে টানা দুই ম্যাচ জয়ের জন্য বাড়তি ১ বোনাস পয়েন্ট পাবে মধ্যাঞ্চল। সে সুবাদে তাদের পয়েন্ট হবে দক্ষিণকে ছাড়িয়ে ১৮.৫০। অন্যদিকে উত্তরকে হারাতে পারলে পূর্বাঞ্চলও উঠে যাবে ফাইনালে। সেক্ষেত্রে অনেক কসরত করেও ২২ তারিখ থেকে শুরু ৫ দিনের ফাইনালে খেলা হবে না দক্ষিণের।

দক্ষিণের ৪ উইকেটে ১১৪ রানের ইনিংস ঘোষণায় মধ্যাঞ্চল প্রথম ইনিংসে এগিয়ে ছিল ১২১ রানে। তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর হার না মানা ২৫৩ রানে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। এগিয়ে যায় ৫০৬ রানে। ৫০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। সর্বোচ্চ ৮৩ রান করেছেন আগের ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করা এনামুল বিজয়। ১১৯ বলের ইনিংসে ৫টি চারের সঙ্গে ছিল ৭ ছক্কা।

শান্ত নিজের ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন অনেকটা ওয়ানডে স্টাইলে। আগের দিন ১৮৯ বল ১২২ রানে অপরাজিত থাকা এ ব্যাটসম্যান গতকাল ১৩১ রান করেছেন মাত্র ১২১ বলে। ২৯১ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পরের ১৯ বলে করেছেন ৫২ রান।

টেস্ট দলে জায়গা পাওয়ার দিনে ইয়াসিরের সেরা ইনিংস

আগের দিনের ১৩৪ রান নিয়ে নেমে ইয়াসির আলি চৌধুরী রাব্বি ছাড়িয়ে গেলেন দেড়শ। তার ক্যারিয়ার সেরা ১৬৫ রানের ইনিংসে পূর্বাঞ্চল করে ৩৩১ রান। ১১৫ রানে ৭ উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজামুল। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ১৪৫ রান করেছে উত্তরাঞ্চল। ব্যাটিং বিপর্যয়ের মাঝে ২৩ রান নিয়ে খেলছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম। সঙ্গে ২২ রান করে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

সংক্ষিপ্ত স্কোর

মধ্যাঞ্চল : ২৩৫ ও ১০৭ ওভারে ৩৮৫/৮ (ডিক্লে.) (শান্ত ২৫৩*, শফিউল ২/৩৮)। দক্ষিণাঞ্চল : ১১৪/৪ (ডিক্লে.) ও ৫২ ওভারে ১৫৯/৪ (এনামুল বিজয় ৮৩, শামসুর ৪৪*, মিরাজ ২/৫৫)।

উত্তরাঞ্চল : ২৭২ ও ৬৭ ওভারে ১৪৫/৫ (জুনায়েদ ৩৬, নাঈম ৩৫, মুশফিক ব্যাটিং ২৩*, অঙ্কন ২২*: নাঈম হাসান ২/৫৮)। পূর্বাঞ্চল ১ম ইনিংস : ৩৩১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত