ভাষাশহীদসহ (২১ ফেব্রুয়ারি) জাতীয় দিবসগুলো উদযাপন ও পালনে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গতকাল রবিবার এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদার নস্কর আলীর পক্ষে হাইকোর্টে এ রিট আবেদন করেন আইনজীবীমনিরুজ্জামান লিঙ্কন। রিটে ভাষাশহীদ দিবসসহ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান-সংস্থায় ইংরেজির পাশাপাশি বাংলা সন, তারিখ ব্যবহার বা উল্লেখের নির্দেশনা চাওয়া হয়।
গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।
পরে মনিরুজ্জামান লিঙ্কন দেশ রূপান্তরকে বলেন, ‘শুনানিতে বলেছি বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হলে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উদযাপন বা পালনে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ বাধ্যতামূলক করা দরকার। কিন্তু আমরা কেউ বাংলা তারিখ ব্যবহার করছি না। এমনকি ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদ দিবসের বাংলা তারিখ ৮ ফাল্গুনও ব্যবহার হচ্ছে না। এটি দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বাৎসরিক ক্যালেন্ডার সংশোধন করা হয়েছে। তাই ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে কোনো বাধা নেই। সর্বস্তরে বাংলা নিশ্চিত করতে এটি খুব জরুরি।’
