গ্রহণযোগ্য ভোটের জন্য পঞ্চ ‘নি’ তত্ত্ব ইসি মাহবুবের

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১২ এএম

অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এবার পঞ্চ ‘নি’ তত্ত্ব প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তাদের যোগদান উপলক্ষে গতকাল রবিবার ১২ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তত্ত্ব তুলে ধরেন বিভিন্ন সময়ে নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) নানা বক্তব্য দিয়ে আলোচিত এই কমিশনার।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে লিখিত বক্তব্যে ইসি মাহবুব বলেন, “অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থাপনাকে আমি ৫টি ‘নি’ দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছি। প্রথম ‘নি’ হচ্ছে ‘নিশ্চয়তা’ এটা নির্বাচন সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা। এ নিশ্চয়তার অর্থ ভোটার ও রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি। দ্বিতীয় ‘নি’ হচ্ছে নিরপেক্ষতা’ নির্বিঘ্নে ভোট প্রদান ও ভোট কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি। কমিশনের পক্ষে এই নিরপেক্ষতা অপরিহার্য। তৃতীয় ‘নি’ হচ্ছে ‘নিরাপত্তা’ এই নিরাপত্তা ভোটার, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের নিরাপত্তার প্রতিশ্রুতি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে নির্বাচনকালে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়ে আসা দরকার।”

তিনি বলেন, “চতুর্থ ‘নি’ হচ্ছে ‘নিয়ম-নীতি’ নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে বিধিবিধান পরিচালনের আওতায় আনা প্রয়োজন। পঞ্চম ‘নি’ হচ্ছে ‘নিয়ন্ত্রণ’ নির্বাচন অবশ্যই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকতে হবে। স্বনিয়ন্ত্রণই নির্বাচন কমিশনের মূল কথা। নির্বাচনী ব্যবস্থাপনায় নিশ্চয়তা, নিরপেক্ষতা, নিরাপত্তা, নিয়মনীতি ও নিয়ন্ত্রণ কমিশনের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুতি রয়েছি।’

কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ তিন বছর পূর্ণ হলো উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘এই তিন বছরে অনেক অর্জন রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে রয়েছে বিসর্জন। সংবিধান বাংলাদেশ নির্বাচন কমিশনকে যে অপরিমেয় ক্ষমতা দিয়েছে, পৃথিবীর খুব কম দেশের কমিশন, এমনকি ভারতের নির্বাচন কমিশনও এমন ক্ষমতার অধিকারী নয়। বর্তমান নির্বাচন কমিশন তার ক্ষমতার কতটুকু প্রয়োগ করতে পেরেছে, তা সময়ই বিচার করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র-নির্বাচন অভিন্ন সূত্রে বাঁধা। তাই গণতান্ত্রিক দেশে নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমরা কোনো অবস্থাতেই মানুষের ভোটাধিকারকে লঙ্ঘিত ও ভূলুণ্ঠিত হতে দিতে পারি না।’

ইসি সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত