সিরাজগঞ্জে বাস উল্টে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৬ এএম

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ-হাটিকুমরুল মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. আমিনুল ইসলাম জনি (৩০), তার স্ত্রী জেসমিন সুলতানা বন্যা (২২) ও একই উপজেলার শিমুলবাড়ি গ্রামের শাপলা খাতুন (২৭)।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, গাইবান্ধা থেকে ছেড়ে শাহ ফতেহ আলী পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে তালুকদার বাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। এ ঘটনায় ওই মোটরসাইকলটিও বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা স্বামী-স্ত্রী ও মোটরসাইকেলে থাকা এক নারী নিহত হন। নিহত শাপলা গাইবান্ধা থেকে তার ভাই আব্দুল মমিনের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিল। এ ঘটনায় মোটরসাইকেল চালক মমিনের একটি পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহম্মেদ জানান, নিহতদের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু, এসএসসি পরীক্ষার্থী ও প্রেমিক যুগলসহ আরও ১০ জন নিহত হয়েছেন। গত শনিবার রাত থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী, সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন, টাঙ্গাইলে বাসচাপায় প্রেমিক যুগল, কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী, নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চাপায় শিশু, লালমনিরহাটে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :

ফরিদপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত: ফরিদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঈশান গোপালপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের মোনায়েম হোসেন ওরফে মুন (৪১)। পেশায় তারা দুজনই গরু ব্যবসায়ী।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. বেলাল হোসেন জানান, মোটরসাইকেলে করে খলিলপুর থেকে শিবরামপুরের দিকে আসছিলেন তারা দুজন। ঘনশ্যামপুর এলাকায় একটি অটোবাইককে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। আহত মোনায়েম হোসেনকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২: সুনামগঞ্জ সদরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। গতকাল রবিবার সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার মাইজবাড়ি গ্রামের নাসির উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (১৭) ও শামসুন্নুরের ছেলে পাভেল আহমদ (১৫)। এরমধ্যে পাভেল এবারের এসএসসি পরীক্ষার্থী।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলার দিকে যাচ্ছিল ওই চারজন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেল প্রেমিক যুগলের: টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এলাকায় বেড়াতে এসে বাসচাপায় প্রেমিক যুগল মারা গেছেন। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে সেতুর পূর্ব গোলচত্বর এলাকায় রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই জাহিদুর রহমান জানান, রবিবার বিকেল ৫টার দিকে বেড়ানো শেষে গোলচত্বর এলাকায় রাস্তা পার হচ্ছিল ওই প্রেমিক যুগল। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাইবান্ধা এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত : কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকচাপায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল হান্নান সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের ভেড়ামারা শাখায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে নিজ কর্মস্থল ভেড়ামারা ব্র্যাক অফিসের উদ্দেশে রওনা হন হান্নান সরকার। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ওসি মো. শাহজামাল জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নাটোরে ট্রাকের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু : নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মো. মিনহাজুর রহমান মিঠু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ময়েন উদ্দিন বাবু নামে আরও একজন। গতকাল রবিবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিনহাজুর রহমান সিংড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পৌর শহরের নিংগইন মহল্লার প্রয়াত হাবিবুর রহমানের ছেলে। আর ময়েন উদ্দিন বাবু সারদা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সিংড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান জানান, রবিবার সকালে মোটরসাইকেলযোগে ডিপিএড প্রশিক্ষণের জন্য সিংড়া থেকে নাটোর শহরের পিটিআইতে যাচ্ছিলেন মিনহাজ ও ময়েন উদ্দিন। পথে ডালসড়ক এলাকায় ঘন কুয়াশার মধ্যে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মিনহাজুরকে মৃত ঘোষণা করেন। আহত ময়েন উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয়নগরে গাড়িচাপায় শিশু নিহত : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অটোরিকশা চাপায় তাহসিন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বক্তারমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাহসিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের তারেক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিল তাহসিন। এসময় রাস্তা দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিল। একপর্যায়ে হঠাৎ করে অটোরিকশাটি উল্টে গিয়ে তাহসিনের ওপর পড়ে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আদিতমারীতে ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের : লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকচাপায় নুরনবী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের নামুড়ি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নুরনবী উপজেলার পলাশী ইউনিয়নের মনদপুর গ্রামের ইছার আলীর ছেলে। সে দুহুলী টেকনিক্যাল কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে নামুড়ি বাজারে মহাসড়কের পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে গল্প করছিল নুরনবী। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, চালক ও ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত