জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত এক চীনা নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারীতে উত্তরা ইপিজেডে কর্মরত ওই নারী ৪ ফেব্রুয়ারি চীন থেকে বাংলাদেশে আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শারীরিক পরীক্ষা শেষে ছেড়ে দেওয়া হলে তিনি কাজে যোগ দেন। এদিকে টাঙ্গাইলে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিঙ্গাপুরফেরত একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক রোস্তম আলী জানান, ২৯ বছর বয়সী এই নারীকে রবিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তিনি জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
ডা. রোস্তম আলী বলেন, তাকে দ্রুত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাসহ বিষয়টি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে।
এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে তাদের কারও শরীরেই ভাইরাসটি শনাক্ত হয়নি। যদিও তাদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে রংপুর থেকেই।
টাঙ্গাইলে সিঙ্গাপুরফেরত যুবককে ঢাকায় স্থানান্তর : টাঙ্গাইলে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। গতকাল রবিবার সকালে আব্বাস উদ্দিন নামে ওই ব্যক্তিকে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠান। তবে সেখানেও কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ও চিকিৎসার পরিবেশ না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়।
টাঙ্গাইল সদর হাসপাতালের উপপরিচালক ডা. মো. সদর উদ্দিন বলেন, রোগীর প্রাথমিক পর্যায়ে সে রকম কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। তারপরও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
রোগীর মা বেলাতন বেগম জানান, আব্বাস উদ্দীন ১৩ ফেব্রুয়ারি দেশে ফেরেন। পারিবারিক কলহের কারণে গত তিন দিন বাড়ি থেকে বের হননি। এ কারণেই এলাকার কিছু লোক তার বিরুদ্ধে এই গুজব ছড়ায়। পরে বাসাইল থানা স্বাস্থ্যকমপ্লেক্সের লোক এসে তাকে নিয়ে যায়।
বিষয়টি নিয়ে আব্বাস উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, অন্যান্য বছর ছুটিতে এসে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। কিন্তু এবার বাড়িতে এসে কারও সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
